আন্তর্জাতিক

মিয়ানমারে বিয়েবাড়িতে বিমান হামলা, ১৭ জন নিহতের দাবি

মিয়ানমারে বিয়েবাড়িতে বিমান হামলা, ১৭ জন নিহতের দাবি

সংগৃহীত

মিয়ানমারের সংঘাতপূর্ণ একটি এলাকায় বিয়েবাড়িতে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন এক প্রত্যক্ষদর্শী। ঘটনাস্থলের ছবিতে অন্তত ছয়জনের মরদেহ দেখা গেছে।

শনিবার (২৮ নভেম্বর) মিয়ানমারের শান ও কারেনি রাজ্যের সীমান্তবর্তী মোয়ে বাই এলাকার একটি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। ওই এলাকায় বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষ বসবাস করেন।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিওতে রক্তাক্ত অবস্থায় আহতদের চিকিৎসার জন্য নিয়ে যেতে দেখা গেছে। তবে ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংস্থাটি।

এক প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, ‘আমি কাছাকাছি যুদ্ধবিমান উড়ে যাওয়ার শব্দ শুনেছিলাম। তবে ভেবেছিলাম, আমাদের এলাকায় বোমা হামলা চালানো হবে না।’

তিনি জানান, বাস্তুচ্যুত দুই ব্যক্তির বিয়ের প্রস্তুতি চলছিল ওই বাড়িতে। হামলার পর ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে সহায়তার চেষ্টা করেন তিনি। সেখানে ১৭ জনের মরদেহ এবং বহু আহত ব্যক্তিকে দেখতে পান বলে জানান।

স্থানীয় অন্য বাসিন্দাদের তোলা ছবিতে ছয়জনের মরদেহ দেখা গেছে। তাদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। তবে এসব ছবির সত্যতাও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি।

হামলার বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, এই সংঘাতে সব পক্ষ মিলিয়ে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।

বর্তমানে মোয়ে বাই শহর সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও শহরের বাইরের গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে জান্তাবিরোধী বাহিনীগুলো সক্রিয় রয়েছে।

বিষয়:বিমান হামলা বিয়েবাড়িতে বিমান হামলা মিয়ানমার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…