আইসিজের গণহত্যা-সংক্রান্ত সব নির্দেশনা মানবে না মিয়ানমার

রোহিঙ্গাদের ওপর ২০১৭ সালের সামরিক অভিযানে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের দেওয়া নির্দেশনার সবগুলো বাস্তবায়ন করবে না দেশটির সরকার। সামরিক জান্তা থেকে প্রেসিডেন্ট হওয়া মিন অং হ্লাইং বলেছেন, যেসব নির্দেশনাকে অনুপযুক্ত মনে করবে, সেগুলো মানবে না তার প্রশাসন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ) সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া নির্দেশনার সবগুলো মেনে চলবে না মিয়ানমার। গত সপ্তাহে ২০১৭ সালে দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানে রোহিঙ্গাদের ওপর গণহত্যা সংঘটিত হওয়ার বিষয়ে রায় দেন জাতিসংঘের সর্বোচ্চ এই আদালত।

বুধবার (২৫ নভেম্বর) এক বৈঠকে প্রথমবারের মতো এ রায় নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেন মিয়ানমারের জান্তাপ্রধান থেকে প্রেসিডেন্ট হওয়া মিন অং হ্লাইং। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তিনি আইসিজের রায় প্রত্যাখ্যান করে বলেন, ‘গণহত্যা’ শব্দটি মিয়ানমারের ভাবমূর্তির ক্ষতি করেছে।
মিন অং হ্লাইং বলেন, দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে মিয়ানমার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তবে যেসব নির্দেশনাকে অনুপযুক্ত মনে করবে, সেগুলো বাস্তবায়ন করবে না। তবে আদালতের কোন কোন নির্দেশনাকে তার প্রশাসন অনুপযুক্ত মনে করছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
মিয়ানমারকে যেসব নির্দেশনা দিয়েছেন আইসিজে
গত সপ্তাহে দেওয়া রায়ে আইসিজে বলেছে, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রধানত মুসলিম রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর সামরিক বাহিনীর অভিযান গণহত্যার শামিল। ওই অভিযানে হাজারো মানুষ নিহত হন, পুড়িয়ে দেওয়া হয় শত শত গ্রাম এবং ব্যাপক যৌন সহিংসতার ঘটনা ঘটে।
জাতিসংঘের এই আদালত মিয়ানমারকে গণহত্যা সনদের চলমান লঙ্ঘন বন্ধের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ২০১৭ সালের সামরিক অভিযানে জড়িত থাকার যৌক্তিক সন্দেহ রয়েছে, এমন ব্যক্তিদের দ্রুত তদন্তের আওতায় এনে বিচার ও শাস্তি নিশ্চিত করতে বলা হয়েছে।
ভবিষ্যতে এ ধরনের অপরাধ যাতে আর না ঘটে, সে নিশ্চয়তা দিতেও নির্দেশ দিয়েছেন আদালত।
এ ছাড়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়তা, তাদের হারানো সম্পত্তি পুনরুদ্ধার বা ক্ষতিপূরণের ব্যবস্থা, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান, নির্যাতনের শিকার ব্যক্তিদের পুনর্বাসন এবং রোহিঙ্গাদের বৈষম্য ও নিপীড়ন থেকে সুরক্ষা দেওয়ার নির্দেশনা রয়েছে রায়ে।
যেসব ক্ষয়ক্ষতি সম্পত্তি ফিরিয়ে দেওয়ার মাধ্যমে পূরণ করা সম্ভব নয়, সেগুলোর জন্য রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতেও মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন আদালত।
রায়ে আরও বলা হয়েছে, এসব নির্দেশনা বাস্তবায়নে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, ক্ষতিপূরণের পরিকল্পনাসহ তার বিস্তারিত বিবরণ দুই বছরের মধ্যে আদালতে জমা দিতে হবে মিয়ানমারকে।
রায় বাস্তবায়নে সীমিত ক্ষমতা আইসিজের
জাতিসংঘের সর্বোচ্চ আদালতের এ রায়কে চূড়ান্ত বলে উল্লেখ করা হয়েছে। কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত করার ক্ষেত্রে এটিই আইসিজের প্রথম রায়। তবে আদালতের রায় বাস্তবায়নে বাধ্য করার ক্ষমতা বেশ সীমিত।
সামরিক অভিযানকে সন্ত্রাসবিরোধী পদক্ষেপ বলে দাবি মিয়ানমারের
মিয়ানমার সরকার বরাবরই ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযানকে একটি বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অভিযান হিসেবে দাবি করে আসছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে বলেছিল, এসব অভিযান গণহত্যার উদ্দেশ্যে পরিচালিত হয়নি; বরং এর পরিধি ও সময়কাল ছিল সীমিত এবং কয়েক দিনের মধ্যেই তা শেষ হয়েছিল।
তবে ২০১৭ সালের সামরিক দমন-পীড়নের মুখে রাখাইন রাজ্য থেকে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেন। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন শরণার্থীশিবিরে রোহিঙ্গার সংখ্যা বেড়ে প্রায় ১২ লাখে দাঁড়িয়েছে।






