ফুটবল

‘মেসির মনটা ওখানেই পড়ে আছে’- কোথায় ফেরার ইঙ্গিত দিলেন কনমেবল সভাপতি

‘মেসির মনটা ওখানেই পড়ে আছে’- কোথায় ফেরার ইঙ্গিত দিলেন কনমেবল সভাপতি

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা হয়েছে আবেগঘন বিদায়ে। মনুমেন্টাল স্টেডিয়ামে সেই অধ্যায়ের পর এবার সামনে এসেছে নতুন প্রশ্ন-ক্লাব ফুটবলেও কি শেষটা করবেন শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে?

জল্পনাটা আরও জোরালো করেছেন লাতিন আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সভাপতি আলেজান্দ্রো ডোমিঙ্গেজ। তার দাবি, মেসির মন এখনো পড়ে আছে রোজারিওর ক্লাব নিউওয়েলসে।

মনুমেন্টালে মেসির বিদায়ী ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন ডোমিঙ্গেজ। ম্যাচ শেষে মেসির সম্ভাব্য নিউওয়েলসে ফেরার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি। সেখানে আর্জেন্টাইন মহাতারকার শৈশবের ক্লাবে ফেরার সম্ভাবনাকে উড়িয়ে দেননি কনমেবল সভাপতি।

বলেছেন, ‘কেন নয়? তার মনটা তো ওখানেই পড়ে আছে। এর কোনো তুলনা হয় না। এটি অনন্য এবং এমন একটি মঞ্চ যেখানে খেলার যোগ্যতা তার আছে। আমি যদি কোনো ক্লাবের সভাপতি হতাম, তাহলে তাকে এখানে নিয়ে আসার জন্য সম্ভাব্য সবকিছুই করতাম।’

তবে মেসিকে নিউওয়েলসে ফেরাতে হলে ক্লাবটিরও কিছু শর্ত পূরণ করতে হবে বলে মনে করেন ডোমিঙ্গেজ। বলেছেন, ‘এটি নিউওয়েলসের সভাপতি এবং নিউওয়েলসের মানুষের ওপর নির্ভর করে। আমার মনে হয় তার মনটা ওখানেই আছে। তবে এর জন্য নিউওয়েলসকে আগে যোগ্যতা অর্জন করতে হবে।’

মেসির নিউওয়েলসে ফেরার স্বপ্ন অবশ্য এখনই বাস্তব হওয়ার মতো অবস্থায় নেই। বর্তমানে ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সালের শেষ পর্যন্ত চুক্তি রয়েছে আর্জেন্টাইন তারকার। ফলে শৈশবের ক্লাবে ফেরার বিষয়টি আপাতত ভবিষ্যতের সম্ভাবনা হিসেবেই থাকছে।

আর সেই সম্ভাবনা বাস্তবায়নে নিউওয়েলসকে আগে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে হবে। বর্তমানে ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-তে ষষ্ঠ স্থানে রয়েছে রোজারিওর ক্লাবটি। কোপা লিবার্তাদোরেসে জায়গা করে নিতে তাদের ঘরোয়া শিরোপা জিততে হবে, অথবা সামগ্রিক পয়েন্ট তালিকায় শীর্ষ পাঁচের মধ্যে থাকতে হবে।

মেসির সঙ্গে নিউওয়েলসের সম্পর্ক অবশ্য বহু পুরোনো। বার্সেলোনায় পাড়ি জমানোর আগে শৈশবের এই ক্লাবেই ফুটবলের হাতেখড়ি তার। তাই ক্যারিয়ারের শেষ অধ্যায়ে রোজারিওতে ফিরে আসা হলে সেটি হবে মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারের অন্যতম আবেগঘন অধ্যায়।

বিষয়:আর্জেন্টিনা আলেজান্দ্রো ডোমিঙ্গেজ কনমেবল নিউওয়েলস মিয়ামি মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…