ফুটবল

আর্জেন্টিনার জার্সি ছেড়ে হাইতিকে বেছে নিলেন রামোস

আর্জেন্টিনার জার্সি ছেড়ে হাইতিকে বেছে নিলেন রামোস

আর্জেন্টিনায় বেড়ে ওঠা, ফুটবলে হাতেখড়িও সেখানেই। খেলেছেন দেশটির অনূর্ধ্ব-১৭ দলের হয়ে। তবে শেষ পর্যন্ত জাতীয় দলের জার্সি হিসেবে হাইতিকেই বেছে নিয়েছেন ভেলেজ সার্সফিল্ডের তরুণ উইঙ্গার স্টিফেন কিকি রামোস। কাতারে গড়াতে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে হাইতির হয়ে মাঠে নামবেন তিনি।

২০০৯ সালের ৩ এপ্রিল হাইতির রাজধানী পোর্ট-ও-প্রিন্সে জন্ম রামোসের। ২০১০ সালের ভয়াবহ ভূমিকম্পের পর তাকে দত্তক নেয় একটি আর্জেন্টাইন পরিবার। এরপর বুয়েনস এইরেসে বেড়ে ওঠা রামোস ফুটবলার হিসেবে নিজেকে গড়ে তোলেন ভেলেজ সার্সফিল্ডের একাডেমিতে।

প্রতিভাবান এই উইঙ্গার এর আগে আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দলের হয়ে কয়েকটি প্রীতি ম্যাচ খেলেছেন। তবে বয়সভিত্তিক পর্যায়ে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করলেও জাতীয় দল হিসেবে হাইতিকেই বেছে নিয়েছেন তিনি। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে হাইতিয়ান ফুটবল ফেডারেশন (এফএফএইচ)।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ফেডারেশন বলেছে, ‘স্টিফেন অস্কার রামোস, যার ডাকনাম কিকি, ২০০৯ সালের ৩ এপ্রিল পোর্ট-ও-প্রিন্সে জন্মগ্রহণ করেন। ভেলেজ সার্সফিল্ডের এই তরুণ ফুটবলার হাইতিকে বেছে নিয়েছেন এবং ব্রাজিলে অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এফএফএইচ তাকে গ্রেনাডিয়ার পরিবারে স্বাগতম জানাচ্ছে। তার এজেন্ট এবং ভেলেজ সার্সফিল্ডকে সহযোগিতার জন্য ধন্যবাদ। কিকি, স্বাগতম নিজের ঘরে।’

আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। টুর্নামেন্টে ‘ডি’ গ্রুপে পড়েছে হাইতি। গ্রুপপর্বে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, সৌদি আরব ও উরুগুয়ে।

আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পরও হাইতির প্রতিনিধিত্ব করতে রামোসের সামনে কোনো আইনি বাধা নেই। আন্তর্জাতিক ফুটবলের নিয়ম অনুযায়ী, প্রীতি ম্যাচে অংশ নিলে কোনো খেলোয়াড় স্থায়ীভাবে সেই দেশের জাতীয় দলের হয়ে খেলার জন্য আবদ্ধ হয়ে যান না। ফলে হাইতির হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছেন এই তরুণ ফুটবলার।

বিষয়:আর্জেন্টিনা রামোস হাইতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…