দীর্ঘ সময় চোটে ভুগে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। এবার ইন্টার মিয়ামি কোচ টাটা মার্টিনো জানিয়েছেন, আগামী দুই ম্যাচেও মাঠে নামবেন বিশ্বজয়ী মহাতারকা। বুধবার আটালান্টা ইউনাইটেডের পর শনিবার নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে নির্ধারিত সময়ের জন্য মাঠে নামবেন তিনি। তবে ঠিক কত সময়ের জন্য সেটা নিশ্চিত বলেননি কোচ।
মেসিকে নিয়ে মার্টিনোর কথা, ‘মেসি ভালো আছে, ভালোভাবে খেলা শেষ করেছে। অবশ্য ক্লান্ত আছে। অনেকদিন পর এটাই প্রথম যেখানে ৯০ মিনিট খেলেছে। কিন্তু ভালোভাবে শেষ করতে পেরেছে। আগামী দুই ম্যাচেও আমাদের সাথে থাকবে। আমাদের সাথে থাকলেও ভ্রমণসহ তিন ম্যাচ আছে। সুতরাং আমাদের দেখতে হবে তার কী অবস্থা হয়।’
‘আমরা অবশ্যই তার ফিরে আসাতে খুশি। ব্যক্তিগতভাবে তাকে বদল করা সম্ভব না, কারণ এভাবে তার বদলী খুঁজে পাওয়া যাবে না। সামগ্রিকভাবে দলগত হয়ে কিছু অর্জনের চেষ্টা ছিল আমাদের।’
মার্টিনো সামনের ম্যাচে লুইস সুয়ারেজের পাওয়ার কথাও নিশ্চিত করেছেন।







