ভালুকায় প্রয়াত শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণে ৮৬ ব্যাচের স্মরণসভা ও দোয়া

ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রয়াত সাবেক সিনিয়র শিক্ষক মো. সলিম উদ্দিন, শ্রী মনোরঞ্জন সরকারসহ প্রয়াত সব শিক্ষক-শিক্ষার্থী ও ১৯৮৬ ব্যাচের বন্ধুদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে ১৯৮৬ ব্যাচের উদ্যোগে এ আয়োজন করা হয়। প্রকৌশলী জাহিদুর রহমান ফরহাদের সৌজন্যে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিন উল্লাহ চৌধুরী সবুজ।
এ সময় আরও বক্তব্য দেন ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় ৮৬ ব্যাচ কল্যাণ পেশাজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, চ্যানেল আই ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক শেখ মহিউদ্দিন আহমেদ, সমিতির সহসভাপতি মতিউর রহমান জগলু, সম্পাদক মো. সাইফুল ইসলাম লিটন, ৮৬ ব্যাচের সদস্য ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আহসানুল্লাহ খান রুবেল, মো. সিরাজুল ইসলাম, প্রয়াত শিক্ষক সলিম উদ্দিনের ছেলে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক মুশফিকুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং শিক্ষক আমিরুল মল্লিক।
সাংবাদিক ও শিক্ষক রফিকুল ইসলাম রফিক অনুষ্ঠানটি পরিচালনা করেন।
স্মরণসভায় বক্তারা বলেন, প্রয়াত দুই শিক্ষক সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তারা ছিলেন সৎ, পরিশ্রমী ও মেধাবী। তাদের প্রচেষ্টায় বহু শিক্ষার্থী আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক ৮৬ ব্যাচের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের স্মরণসভার আয়োজন বিদ্যালয় কর্তৃপক্ষেরই করা উচিত ছিল। ৮৬ ব্যাচ এ উদ্যোগ নেওয়ায় তারা প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় ৮৬ ব্যাচ কল্যাণ পেশাজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শেখ মহিউদ্দিন আহমেদ ৮৬ ব্যাচের সৌজন্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন একটি তোরণ নির্মাণ, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের জীবদ্দশায় সম্মাননা দেওয়ার ঘোষণা দেন।
স্মরণসভা শেষে প্রয়াত শিক্ষক-শিক্ষার্থী ও ৮৬ ব্যাচের বন্ধুদের স্মরণে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা নাজিম উদ্দিন শেখ।






