কেমব্রিজের আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশের ১৪১ শিক্ষার্থী

সংগৃহীত
কেমব্রিজের আন্তর্জাতিক পরীক্ষায় অসাধারণ ফল করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার পেয়েছেন বাংলাদেশের ১৪১ শিক্ষার্থী। ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত ‘আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে তাদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।
কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের ইন্টারন্যাশনাল এডুকেশন গ্রুপ ও ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনে অনুষ্ঠিত কেমব্রিজ আইজিসিএসই, ও লেভেল এবং ইন্টারন্যাশনাল এএস ও এ লেভেল পরীক্ষায় অসাধারণ ফলের স্বীকৃতি হিসেবে শিক্ষার্থীদের এ সম্মাননা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে চারটি বিভাগে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে নির্দিষ্ট বিষয়ে বিশ্বে সর্বোচ্চ নম্বর পেয়ে ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ পুরস্কার পেয়েছেন ৯৮ জন। বাংলাদেশে কোনো বিষয়ে সর্বোচ্চ নম্বর অর্জন করায় ‘টপ ইন বাংলাদেশ’ পুরস্কার পেয়েছেন ৪৫ জন। একাধিক বিষয়ে সামগ্রিক ফলের ভিত্তিতে চারজন পেয়েছেন ‘বেস্ট অ্যাক্রস’ পুরস্কার। এ ছাড়া বাংলাদেশে তুলনামূলক কমসংখ্যক শিক্ষার্থী বেছে নেন, এমন বিষয়ে ভালো ফলের জন্য ১৬ জন পেয়েছেন ‘হাই অ্যাচিভমেন্ট’ স্বীকৃতি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বাংলাদেশের কান্ট্রি লিড সারওয়াত রেজা। এতে ভিডিও বার্তা দেন কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথ। বাংলাদেশের শিক্ষার মানোন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা ও দুই দেশের দীর্ঘমেয়াদি সম্পর্ক নিয়ে কথা বলেন ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডসন।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের রিজিওনাল ডিরেক্টর (সাউথ এশিয়া) বিনয় শর্মা বলেন, প্রতি বছর শিক্ষার্থীদের এমন সাফল্য তাদের কাজের সবচেয়ে আনন্দের দিক। প্রতিটি ভালো ফলের পেছনে রয়েছে শিক্ষার্থীদের নিজেদের সামর্থ্য ছাড়িয়ে যাওয়ার চেষ্টা। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের সমর্থনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের এতসংখ্যক শিক্ষার্থীর বিশ্বে সর্বোচ্চ নম্বর পাওয়ার ঘটনা দেশের শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনাকে তুলে ধরে।
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, শিক্ষা শুধু অ্যাকাডেমিক জ্ঞান অর্জনের বিষয় নয়। পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া ও সমাজে ভূমিকা রাখতে তরুণদের আত্মবিশ্বাস, নতুন বিষয় জানার আগ্রহ এবং বিশ্লেষণী চিন্তার দক্ষতা প্রয়োজন। শিক্ষার্থীদের এ সাফল্যের পেছনে শিক্ষার্থী, শিক্ষক ও পরিবারের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব মার্কেট জুনায়েদ আহমেদ পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান। শিক্ষাজীবন ও ভবিষ্যতের বিভিন্ন ধাপে তারা এ সাফল্য কাজে লাগিয়ে আরও এগিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
আয়োজকেরা জানান, বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে কেমব্রিজের শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত মানদণ্ড হিসেবে বিবেচিত হয়। এসব যোগ্যতা শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তা, নিজ উদ্যোগে গবেষণা এবং সংশ্লিষ্ট বিষয়ে গভীর জ্ঞান অর্জনে সহায়তা করে।





