দীর্ঘ ১৬ বছর ভারতে থাকার পর এবার দেশটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ইরানি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী ও মডেল মান্দানা করিমি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন ভিডিও বার্তায় তিনি বলেন, “ভারতকে বিদায় জানাতে হবে, কোন দিন ভাবিনি।” তিনি ভারতকে নিজের দ্বিতীয় বাড়ি বলে মনে করতেন, তাও উল্লেখ করেন।
মান্দানা জানান, এই সিদ্ধান্ত নেওয়া তার জন্য খুব কঠিন ছিল। তবে জীবনে নতুন শুরুর সময় এসেছে বলেই তিনি মনে করছেন। নতুন দেশ, নতুন বাড়ি এবং নতুন জীবনের পথে এগোচ্ছেন তিনি।
সম্প্রতি আমেরিকা ও ইরানের সংঘাতের মধ্যে নিজের দেশ ইরানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মান্দানা। এক অনুরাগীর প্রশ্নের উত্তরে তিনি জানান, ইরানে পরিস্থিতি আরও কঠোর হয়ে উঠেছে। রাস্তায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বেড়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে এবং ইন্টারনেট পরিষেবা বারবার বন্ধ করে দেওয়া হচ্ছে।
সবচেয়ে বড় বিষয় হল মান্দানা করিমি জানিয়েছেন যে, প্রায় ১০ বছর ধরে তার উপর ইরানে প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে। ফলে তিনি চাইলেও নিজের দেশে ফিরতে পারেন না। এই অবস্থায় ভারত ছাড়ার সিদ্ধান্ত তার জীবনের অনিশ্চয়তা এনে দিয়েছে বলে মত তার। তবে ভারত ছেড়ে তিনি কোন দেশে যাচ্ছেন, তা জানাননি।
ভারত তার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এখানে তিনি শুধু অভিনেত্রী নয়, একজন নারী ও শিল্পী হিসাবেও নিজেকে নতুন ভাবে গড়ে তুলেছেন। তাই ভারতের প্রতি রয়েছে কৃতজ্ঞতা।
‘বিগ বস্ ৯’-এ যোগ দিয়ে পরিচিতি পান মান্দানা। গত কয়েক বছর ধরে বলিউড থেকে অনেকটাই দূরে ছিলেন। তবু ভারতকে তিনি সবসময় নিজের দ্বিতীয় বাড়ি বলেই মনে রাখবেন বলে জানিয়েছেন।








