বিনোদন

কেন এত আলোচনায় বিজয় সেতুপতির ‘বাথ্‌থা’, কী আছে সিনেমাটিতে?

কেন এত আলোচনায় বিজয় সেতুপতির ‘বাথ্‌থা’, কী আছে সিনেমাটিতে?

গ্যাংস্টার, মারামারি, ক্ষমতার দাপট। ভারতীয় সিনেমায় এমন গল্প নতুন নয়। কিন্তু একজন ভয়ংকর গ্যাংস্টারকে যদি স্কুলের একটি বাথরুমে আটকে রাখা হয়, আর তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটি ঘটায় একটি ছোট্ট শিশু, তাহলে গল্পটি কেমন হবে? এমনই ভিন্নধর্মী গল্প নিয়ে নির্মিত তামিল সিনেমা ‘বাথ্‌থা’। মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শক ও চলচ্চিত্র সমালোচকদের আলোচনায় উঠে এসেছে।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। তবে এটি তার চেনা গ্যাংস্টার চরিত্রের গল্প নয়। এখানে বন্দুক, মারামারি কিংবা পেশিশক্তির প্রদর্শনের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে একজন মানুষের ভেতরের পরিবর্তন, পরিবার ও মানবিক অনুভূতি।

১৯৮৬ সালের মাদ্রাজের পটভূমিতে নির্মিত সিনেমাটির গল্পের কেন্দ্রে বাথ্থা (বিজয় সেতুপতি)। এলাকার মানুষ তাকে ভয় পায়। তার কথার বাইরে যাওয়ার সাহস কারও নেই। স্ত্রী ও সন্তান থাকলেও পরিবারের প্রতি তার আচরণে রয়েছে রুক্ষতা ও দূরত্ব।

গল্পে আসে সাবারি নামের এক স্কুলছাত্র। ঘটনাচক্রে এই শিশুটির কারণেই স্কুলের একটি বাথরুমে আটকা পড়ে যায় ভয়ংকর গ্যাংস্টার বাথ্থা। এরপর কয়েক দিন ধরে বাথরুমে আটকে থাকা বাথ্থা ও শিশুটির মধ্যে তৈরি হয় অদ্ভুত এক সম্পর্ক। যে মানুষটি এত দিন অন্যদের ভয় দেখিয়ে জীবন কাটিয়েছে, তাকেই এবার নিজের অসহায়ত্বের মুখোমুখি হতে হয়।

এই অপ্রত্যাশিত পরিস্থিতি তাকে নিজের জীবন, অতীত, স্ত্রী ও সন্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। একজন ভয়ংকর গ্যাংস্টারের ভেতরে থাকা মানুষটিকে আবিষ্কারের গল্পই ধীরে ধীরে হয়ে ওঠে সিনেমাটির মূল আকর্ষণ।

‘বাথ্‌থা’ যে কারণে আলাদা

সিনেমাটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, গ্যাংস্টার চরিত্রকে চেনা ছকে উপস্থাপন করেননি পরিচালক বালাজি থারানীথরন। তিনি এখানে অপরাধজগতের ক্ষমতা কিংবা সহিংসতাকে মহিমান্বিত করেননি। বরং একজন মানুষের রাগ, অহংকার, ভয়, অনুশোচনা ও মানসিক পরিবর্তনকে গল্পের কেন্দ্রে রেখেছেন।

পরিচালক এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ছোটবেলায় নিজের একটি অভিজ্ঞতা থেকেই সিনেমাটির গল্পের ভাবনা এসেছিল। তার উদ্দেশ্য ছিল গতানুগতিক অ্যাকশন সিনেমা নির্মাণ নয়, বরং একজন গ্যাংস্টারের মানবিক দিক তুলে ধরা।

বিজয় সেতুপতির অভিনয়ও সিনেমাটির অন্যতম আকর্ষণ। কখনো ভয়ংকর, কখনো মজার, আবার কখনো অসহায় একজন মানুষের চরিত্রে সাবলীল অভিনয় করেছেন তিনি। তার সঙ্গে সাবারি চরিত্রে শিশুশিল্পী সাই পৃথ্বীরাজের অভিনয়ও প্রশংসা পেয়েছে। বিশেষ করে দুজনের পর্দার রসায়ন গল্পটিকে অন্য মাত্রা দিয়েছে।

এ ছাড়া বাথ্থার স্ত্রীর চরিত্রে লিজোমল জোসের অভিনয় এবং সংগীত পরিচালক সাই অভয়ঙ্করের আবহসংগীতও প্রশংসিত হয়েছে। আশির দশকের মাদ্রাজকে পর্দায় তুলে ধরার ক্ষেত্রেও নির্মাতারা রেখেছেন বিশেষ যত্ন।

মুক্তির পর কেন বাড়ছে আলোচনা?

গত ১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘বাথথা’। মুক্তির আগে সিনেমাটি নিয়ে খুব বেশি প্রচারণা ছিল না। তবে সিনেমা হলের চয়ে ২৯ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তির পর দর্শকের মুখে মুখে ছড়িয়ে পড়ে এর প্রশংসা। সমালোচকদের কাছ থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে সিনেমাটি। ইন্ডিয়ান এক্সপ্রেস সিনেমাটিকে ৫-এর মধ্যে ৪ রেটিং দিয়েছে।

সিনেমাটির গল্প বলার ধরন, বিজয় সেতুপতির অভিনয় এবং আবেগের সঙ্গে হাস্যরসের মিশ্রণই আলোচনার অন্যতম কারণ। বিশেষ করে প্রচলিত গ্যাংস্টার সিনেমার বাইরে গিয়ে একটি সাধারণ শিশুর সঙ্গে ভয়ংকর এক অপরাধীর সম্পর্কের মধ্য দিয়ে মানবিক পরিবর্তনের গল্প বলেছে ‘বাথথা’।

সব মিলিয়ে সিনেমাটি কেবল একজন গ্যাংস্টারের গল্প নয়, বরং মানুষ বদলে যাওয়ার, নিজের ভুল বুঝতে পারার এবং পরিবারের কাছে ফিরে আসার গল্প। আর এই সাধারণ অথচ গভীর গল্প বলার কারণেই সিনেমাটি দর্শকের কাছে আলাদা হয়ে উঠেছে।

সিনেমাটি পরিচালনা করেছেন বালাজি থারানীথরন। অভিনয়ে রয়েছেন বিজয় সেতুপতি, লিজোমল জোস, সাই পৃথ্বীরাজসহ অনেকে।

বিষয়:তামিল তামিল সিনেমা তেলুগু বাথথা বিজয় সেতুপতি সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…