লাইফস্টাইল

অল্প খরচে ঘরেই তৈরি করুন মজাদার চিজ কেক

অল্প খরচে ঘরেই তৈরি করুন মজাদার চিজ কেক

ছবি: সংগৃহীত

মিষ্টি খাবারের প্রতি ভালোবাসা আছে, অথচ পছন্দের ডেজার্ট কিনতে গেলেই বাজেটের কথা ভাবতে হয়! বিশেষ করে চিজ কেকের কথা উঠলে অনেকেই রেস্টুরেন্ট বা বেকারির দিকে তাকিয়ে থাকেন। তবে চাইলেই খুব বেশি খরচ না করে ঘরেই তৈরি করা যায় সুস্বাদু চিজ কেক।

ডেজার্টপ্রেমীদের কাছে চিজ কেকের জনপ্রিয়তা আলাদা। নরম, ক্রিমি গঠন আর মিষ্টি স্বাদের কারণে ছোট-বড় সবার কাছেই এটি বেশ আকর্ষণীয়। জন্মদিন, পারিবারিক আয়োজন কিংবা বিকেলের অবসর যেকোনো সময়ই এক টুকরো চিজ কেক মুহূর্তকে করে তুলতে পারে আরও আনন্দময়। কিন্তু দোকানে কিনতে গেলে অনেক সময় গুনতে হয় বাড়তি টাকা। তাই বাজেটের মধ্যে পছন্দের খাবার উপভোগ করতে চাইলে ঘরেই হতে পারে চিজ কেক তৈরির আয়োজন।

এ জন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন নেই। সাধারণ কিছু বিস্কুট, মাখন, ক্রিম চিজ, চিনি, হুইপিং ক্রিম ও ভ্যানিলা এসেন্স দিয়েই তৈরি করা যায় এই ডেজার্ট। ক্রিম চিজের পরিবর্তে চাইলে ঘরে তৈরি মসৃণ ছানাও ব্যবহার করা যায়। এতে খরচ কিছুটা কমানো সম্ভব।

চিজ কেক তৈরির প্রথম ধাপ হলো এর নিচের স্তর তৈরি করা। বিস্কুট গুঁড়া করে তার সঙ্গে গলানো মাখন মিশিয়ে একটি পাত্রে ভালোভাবে চেপে বসিয়ে দিতে হবে। এরপর মিশ্রণটি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে হবে, যাতে স্তরটি শক্ত হয়ে যায়।

অন্যদিকে একটি পাত্রে ক্রিম চিজ, গুঁড়া চিনি, হুইপিং ক্রিম ও সামান্য ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি মসৃণ ও ক্রিমি হলে বিস্কুটের স্তরের ওপর ঢেলে সমান করে দিতে হবে। এরপর কয়েক ঘণ্টা ফ্রিজে রাখলেই তৈরি হয়ে যাবে নো-বেক চিজ কেক। পরিবেশনের আগে ওপর থেকে চকলেট সস, স্ট্রবেরি জ্যাম কিংবা মৌসুমি ফল দিয়ে সাজিয়ে নিতে পারেন।

চিজ কেকের সবচেয়ে মজার দিক হলো, নিজের পছন্দ অনুযায়ী এর স্বাদে পরিবর্তন আনা যায়। কেউ পছন্দ করেন চকলেটের স্বাদ, কেউ আবার ফলের মিষ্টি ঘ্রাণ। আম, স্ট্রবেরি কিংবা ব্লুবেরির টপিং ব্যবহার করে তৈরি করা যায় ভিন্ন স্বাদের চিজ কেক।

ঘরে তৈরি খাবারের আনন্দ শুধু স্বাদে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে নিজের সৃজনশীলতা ও পরিবারের সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা। তাই দামি ডেজার্ট কেনার পরিবর্তে ছুটির দিনে পরিবারের সদস্যদের নিয়ে তৈরি করে দেখতে পারেন মজাদার চিজ কেক। অল্প খরচে মিষ্টিমুখের এমন আয়োজন মন্দ কী!

 

বিষয়:ডেজার্ট মজাদার চিজ কেক মিষ্টি খাবার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…