মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে ইজিবাইক চাপায় ১ মাস বয়সি শিশুর মৃত্যু

গোপালগঞ্জে মায়ের কোল থেকে রাস্তার ওপর ছিটকে পড়ে ইজিবাইক চাপায় রিফাত বালি নামে ১ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরের পর কোটালীপাড়া উপজেলার কুরপালা এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত শিশু রিফাত বালি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার আমবৈলা গ্রামের মোস্তাফিজুর রহমান বালির ছেলে।
পুলিশ ও নিহত শিশুর বাবা মোস্তাফিজুর রহমান জানান, সোমবার দুপুরের পর কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখিয়ে শিশু সন্তান রিফাতকে কোলে নিয়ে ব্যাটারিচালিত ভ্যানেযোগে গ্রামের বাড়ি পূর্ণবর্তী ফিরছিলেন মা রিয়া মনি। তাদের বহনকারী ভ্যানটি কোটালীপাড়ার কুরপালা এলাকায় পৌঁছালে মা রিয়া মনির বোরকা ভ্যানের চাকার সাথে পেঁচিয়ে যায়। এতে মা রিয়া মনি শিশু সন্তানকে নিয়ে সড়কের ওপর ছিটকে পড়েন।
এসময় মায়ের কোল থেকে শিশু রিফাত রাস্তায় ছিটকে পড়লে দ্রুতগামী একটি ইজিবাইক শিশু রিফাতকে চাপা দেয়।
এতে গুরুতর আহত শিশুটিকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ওই শিশুকে মৃত ঘোষণা করেন।


