শেখ হাসিনাকে ফিরতে হবে দণ্ডিত অপরাধী হিসেবে: আসিফ নজরুল

ছবি : সংগৃহীত।
শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হবে একজন দণ্ডিত অপরাধী হিসেবে বলে মন্তব্য করেছেন ড. আসিফ নজরুল। তার মতে, দেশে ফিরতে পাসপোর্ট চেয়ে দলের সাধারণ নেতা-কর্মীদের বিপদ বাড়াচ্ছে শেখ হাসিনা।
সোমবার (৯ নভেম্বর) নিজের এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
পোস্টে আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী। তাকে দেশে ফিরতে নতুন পাসপোর্টের প্রয়োজন নেই। বরং ভারত সরকার চাইলে তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে। তাকে দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ইতিমধ্যে ভারতকে চিঠিও দিয়েছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার অর্থ তিনি মনে করছেন দেশে এসে বিচার মোকাবিলা করার মতো পরিস্থিতি রয়েছে। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত আছে বলেই শেখ হাসিনা দেশে ফেরার সাহস দেখাচ্ছেন। ফলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারের অভিযোগ তুলে তাকে ফেরত না দেওয়ার যুক্তি আর গ্রহণযোগ্য হওয়ার কথা নয়।

আসিফ নজরুলের মতে, শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার ঘটনায় তার প্রত্যর্পণের বিষয়ে ভারতকে আরও জোরালোভাবে চাপ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
পোস্টের শেষাংশে শেখ হাসিনার উদ্দেশে তিনি লেখেন, ‘শেখ হাসিনা, আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে। শুধু শুধু দলের সাধারণ নেতা-কর্মীদের বিপদ বাড়াচ্ছেন।’






