ইনফ্লুয়েন্সার ও মডেল নিধির ঝুলন্ত মরদেহ, যা বলছে পরিবার

ভারতের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মডেল নিধি তিওয়ারির রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার নিজ বাড়িতে ৩০ বছর বয়সী এই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
মধ্যপ্রদেশের সিংগ্রৌলি জেলার ভুসা মোড় এলাকার বাড়িতে নিধিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
ফেসবুক ও ইনস্টাগ্রাম মিলিয়ে নিধির অনুসারী ছিল প্রায় ১৬ লাখ। ফেসবুকে তার অনুসারী প্রায় ৯ লাখ এবং ইনস্টাগ্রামে প্রায় ৭ লাখ। নিয়মিত তার পোস্টে হাজারো প্রতিক্রিয়া পড়ত, আর কিছু ভিডিও কয়েক মিলিয়নবারও দেখা হয়েছে।
২০২৪ সালে ‘মিস প্রিটি ইন্ডিয়া’ খেতাব জয়ের পর নিধির পরিচিতি আরও বাড়ে। এরপর তিনি মডেলিং ও অভিনয় ক্যারিয়ার গড়ার চেষ্টা করছিলেন। বিভিন্ন মডেলিং ইভেন্ট, ডিজিটাল কনটেন্ট ও বিনোদনমূলক কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি।
নিধির পরিবারের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মৃত্যুর আগে শনিবার সন্ধ্যায় তিনি কারও সঙ্গে ফোনে কথা বলছিলেন। তবে সেই ফোনালাপের সঙ্গে তার মৃত্যুর কোনো সম্পর্ক ছিল কি না, তা এখনো নিশ্চিত নয়। পুলিশও এ বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা জানায়নি।
মরওয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. জ্ঞানেন্দ্র সিংহ জানিয়েছেন, নিধির পরিবারের সদস্য, পরিচিতজনসহ সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তের অংশ হিসেবে তার কল রেকর্ড, ডিজিটাল কার্যক্রম ও অন্যান্য তথ্য খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, তদন্ত এগিয়ে গেলে নিধির মৃত্যুর আগে কী ঘটেছিল, সে বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।
এদিকে নিধির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন তার অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা। সিংগ্রৌলি থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে বড় একটি পরিচিতি তৈরি করা নিধির মৃত্যুতে স্থানীয় পর্যায়েও শোকের ছায়া নেমে এসেছে। গাল্ফনিউজ






