২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ১২৮ বছর পর ক্রিকেট যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে গ্রেটেস্ট শো অন আর্থের আয়োজক কমিটি। আসরে এক দল হয়ে ক্রিকেট খেলার আলোচনা শুরু করেছে ইংল্যান্ড ও স্কটল্যান্ড।
আইসিসি বা অন্য প্রতিযোগিতামূলক আসরে আলাদা পতাকায় খেললেও লস অ্যাঞ্জেলেসে এক পতাকা তলে খেলতে চায় ইংল্যান্ড। কারণ, অলিম্পিকে দেশ দুটি গ্রেট ব্রিটেন নামে প্রতিযোগিতায় দল পাঠায়। এজন্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) একসাথে হওয়ার জন্য স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা শুরু করেছে।
ইসিবির মুখপাত্র সংবাদমাধ্যমে জানিয়েছে, ‘যদিও লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের জন্য এখনও চার বছর বাকি আছে, এটা একটু বেশি আগের আলোচনা। কিন্তু আমরা টিম গ্রেট ব্রিটেনের কথা বলছি এবং ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা বলছি।’
‘আবারও গ্রেট ব্রিটেনের অলিম্পিয়ানরা এবছর প্যারিসে প্রচুর পরিশ্রমের মাধ্যমে জাতির মুখ উজ্জ্বল করেছে এবং ২০২৮ সালে যখন ক্রিকেট অলিম্পিক মঞ্চে ফিরে আসবে, তখন আমরা একসাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উন্মুখ হয়ে আছি।’
যদিও স্কটল্যান্ডের চেয়ে ইংল্যান্ডের দলীয় পারফরম্যান্স ভালো। আবার ২০২৪ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করেছেন রিচি বেরিংটনরা। দুদল একসাথে হলে ক্রিকেটে সোনার অন্যতম দাবিদার হবে ব্রিটেন।








