জনপদ

দীর্ঘ প্রতীক্ষার অবসান, হিলি স্টেশনে থামল ঢাকাগামী আন্তনগর ট্রেন

দীর্ঘ প্রতীক্ষার অবসান, হিলি স্টেশনে থামল ঢাকাগামী আন্তনগর ট্রেন

ছবি: সংগৃহীত।

দীর্ঘ প্রতীক্ষার অবসান। স্বাধীনতার পর প্রথমবারের মতো দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে ঢাকাগামী আন্তনগর ট্রেন। ‘নীলসাগর এক্সপ্রেস’ ও ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনের যাত্রাবিরতি চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রথম ট্রেন থামার আনন্দে যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন তারা।

রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘চিলাহাটি এক্সপ্রেস’ হিলি স্টেশনে পৌঁছালে যাত্রাবিরতির আনুষ্ঠানিক সূচনা হয়। এর আগে গত ২৮ অক্টোবর স্থানীয়দের দাবি ও রেলওয়ের রাজস্ব আয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে ট্রেন দুটির যাত্রাবিরতির অনুমোদন দেয় কর্তৃপক্ষ।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, ব্রিটিশ আমলে নির্মিত হিলি রেলওয়ে স্টেশনটি গুরুত্বপূর্ণ হলেও স্বাধীনতার পর থেকে সেখানে ঢাকাগামী কোনো আন্তনগর ট্রেন থামত না। ফলে হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াতকারী যাত্রী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে ঢাকায় যেতে বিরামপুর অথবা জয়পুরহাটের পাঁচবিবি স্টেশনের ওপর নির্ভর করতে হতো। এতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি ভোগান্তিতে পড়তে হতো তাদের।

ট্রেন দুটির যাত্রাবিরতি চালু হওয়ায় হিলি ও আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এর ফলে রাজধানীর সঙ্গে এলাকার রেল যোগাযোগ সহজ হবে। পাশাপাশি হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য, ইমিগ্রেশন কার্যক্রম ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

বিষয়:আমদানি-রপ্তানি বাণিজ্য চিলাহাটি এক্সপ্রেস দিনাজপুরের হিলি নীলসাগর এক্সপ্রেস রেলওয়ে স্টেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…