বিনোদন

অমিতাভের বাংলো বাড়ি ‘জলসা’ নিয়ে বিরোধ, প্রশ্ন তুললেন ছোট ভাইয়ের স্ত্রী

অমিতাভের বাংলো বাড়ি ‘জলসা’ নিয়ে বিরোধ, প্রশ্ন তুললেন ছোট ভাইয়ের স্ত্রী

বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের জুহুতে অবস্থিত বাংলো ‘জলসা’ নিয়ে তৈরি হয়েছে পারিবারিক সম্পত্তি বিরোধ। বাংলোটির মালিকানা নিয়ে প্রশ্ন তুলেছেন অমিতাভের ছোট ভাই অজিতাভ বচ্চনের স্ত্রী রামোলা বচ্চন। ১৯৯৩ সালে সম্পাদিত একটি দানপত্রের বৈধতা নিয়ে আপত্তি জানিয়ে নিবন্ধন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন তিনি।

রামোলার দাবি, তার অজান্তে ও সম্মতি ছাড়াই বাংলোটির মালিকানা হস্তান্তর করা হয়েছে। গত সাত মাসে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিক অভিযোগও জমা দিয়েছেন তিনি।

টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সম্পত্তির মালিকানা-সংক্রান্ত নথিতে অসংগতিকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত। কাপোল হাউজিং সোসাইটির নথিতে ‘জলসা’র মালিক হিসেবে জয়া বচ্চনের নাম রয়েছে। তবে মহারাষ্ট্র সরকারের সম্পত্তি কার্ডে এখনো রামোলা বচ্চনের নাম উল্লেখ রয়েছে। সরকারি নথিতে নাম পরিবর্তন করে জয়ার নাম অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়ার পর বিষয়টি নতুন করে সামনে আসে।

রামোলার অভিযোগ, শুরুতে ‘জলসা’ তার নামেই নিবন্ধিত ছিল। পরে ১৯৯৩ সালে একটি দানপত্রের মাধ্যমে সম্পত্তির মালিকানা জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হয়। তবে ওই দলিলের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

তার দাবি, দানপত্রটি সাধারণ কাগজে তৈরি করা হয়েছিল এবং সে সময় কোনো স্ট্যাম্প শুল্ক পরিশোধ করা হয়নি। এমনকি দলিলে সাক্ষীদের স্বাক্ষরও ছিল না বলে অভিযোগ করেছেন তিনি। পরবর্তী সময়ে মহারাষ্ট্র সরকারের ‘অভয় যোজনা’ প্রকল্পের আওতায় দলিলটির নিবন্ধন ও বৈধতা দেওয়ার প্রক্রিয়া নিয়েও আপত্তি জানিয়েছেন রামোলা।

বিষয়টি বর্তমানে মুম্বাইয়ের আন্ধেরিতে অবস্থিত সমবায় সমিতির ডেপুটি রেজিস্ট্রারের দপ্তরে রয়েছে। ডেপুটি রেজিস্ট্রার ফাইয়াজ মুলানি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে শুনানি শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিজেদের বক্তব্য জমা দিতে বলা হয়েছে।

তবে সম্পত্তির মালিকানা কিংবা বিতর্কিত দানপত্রের বৈধতা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি কর্তৃপক্ষ।

এ বিষয়ে অমিতাভ বচ্চনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। জয়া বচ্চনের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। অন্যদিকে অভিষেক বচ্চনের এক মুখপাত্র বিষয়টিকে পরিবারের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, মুম্বাইয়ের জুহুতে অবস্থিত ‘জলসা’ দীর্ঘদিন ধরেই বচ্চন পরিবারের পরিচিত আবাসস্থল। প্রতি রোববার এই বাংলোর বাইরে ভক্তদের সঙ্গে দেখা করেন অমিতাভ বচ্চন। তার নিয়মিত উপস্থিতির কারণে বাড়িটি ভক্তদের কাছেও বিশেষ আকর্ষণের জায়গা হয়ে উঠেছে।

বিষয়:অমিতাভ বচ্চন জলসা বিরোধ মালিকানা দাবি রামোলা বচ্চন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…