মেসি-সুয়ারেজের অ্যাসিস্ট, ডে পলের গোলে প্লে-অফসে মিয়ামি
মেজর লিগ

টানা তিন মৌসুমে মেজর লিগ সকারের প্লে-অফস নিশিত করল ইন্টার মিয়ামি। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের অ্যাসিস্ট, রদ্রিগো ডে পলের গোল এবং শেষ মুহূর্তে ক্লাবটির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের পেনাল্টি সেভ। দুর্দান্ত এক ম্যাচে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
ঘরের মাঠে ম্যাচের ১৯ মিনিটে সুয়ারেজের পাসে গোল করেন জেরমান বেরতেরামে। ৪৫ মিনিট শেষে যোগ করা পঞ্চম মিনিটে মেসির অ্যাসিস্টে ব্যবধান দিগুণ করেন ডে পল। ৯০ মিনিট শেষে যোগ করা সপ্তম মিনিটে পেনাল্টি পায় নিউইয়র্ক, সেখান থেকে নিকোলাস ফের্নান্দেজের শট ঠেকিয়ে দেন মিয়ামি গোলরক্ষক।
ইস্টার্ন কনফারেন্সে ২৯ ম্যাচে ১৪ জয়ে ৫২ পয়েন্টে টেবিলের দুইয়ে মেসিদের দল। সরাসরি প্লে-অফসে জায়গা করে নিয়েছে ক্লাবটি। ২০২৩ সালে মিয়ামিতে যোগ দেন মেসি, শুধু সেবছর প্লে-অফসে খেলতে পারেননি। ২০২৪, ২০২৫ এবং ২০২৬ মিলিয়ে টানা তিন মৌসুম লিগপর্ব পার করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
মেজর লিগ সকারে শিরোপার মূল লড়াই শুরু হয় প্লে-অফসে। দুই কনফারেন্স মিলিয়ে লিগে সেরা দল জেতে সপোর্টার্স শিল্ড শিরোপা। মৌসুমে দুটি কনফারেন্সের ৯টি ক্লাব খেলে প্লে-অফস। শীর্ষ ৭টি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে, ৮ ও ৯ নম্বর দল খেলে ওয়াইল্ড কার্ড রাউন্ড। পরে প্লে-অফসে খেলে জেতে মূল শিরোপা, যেটি মেজর লিগ সকার কাপ। এটি নকআউট পদ্ধতিতে হয়ে থাকে।






