আন্তর্জাতিক

ফিলিস্তিনের পশ্চিম তীরে মসজিদে আগুন, দেয়ালে গ্রাফিতি

ফিলিস্তিনের পশ্চিম তীরে মসজিদে আগুন, দেয়ালে গ্রাফিতি

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে একটি মসজিদে অগ্নিসংযোগ ও দেয়ালে গ্রাফিতি এঁকেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। বুধবার (১৪ অক্টোবর) মধ্যরাতের পর মিখমাস গ্রামের মসজিদটিতে আগুন দেওয়া হয়। এতে মসজিদের ভেতরের অংশ পুড়ে যায়। উগ্রপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীরা এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

মসজিদের কাছাকাছি বসবাসকারী ফিলিস্তিনি বাসিন্দা আত্তা কানান এএফপিকে বলেন, বুধবার মধ্যরাতের পরপরই তিনি কাচ ভাঙার শব্দ শুনতে পান এবং সঙ্গে মসজিদ ভবনের দিকে ছুটে যান। সেখানে দাউদাউ করে আগুন জ্বলছিল এবং আমরা ফায়ার সার্ভিসকে খবর দিই। তরুণরা আমাদের সাহায্য করতে এগিয়ে আসে এবং পুরো মসজিদে আগুন ছড়িয়ে পড়ার আগেই আমরা আগুনের কিছু অংশ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

কানান আরও বলেন, বসতিস্থাপনকারীরা একটি গাড়িতেও আগুন ধরিয়ে দিয়েছেন। ঘরবাড়িতে, বিশেষ করে গ্রামের শেষ অংশের দিকের বাড়িগুলোতে আগুন ধরিয়ে দিতে পারেন। এমন আশঙ্কায় সম্প্রতি গ্রামবাসীরা নৈশপাহারা দল গঠন করেছিলেন।

রামাল্লাহ ও জেরুজালেমের মধ্যবর্তী মধ্য-পশ্চিম তীরে মিখমাস গ্রামটি অবস্থিত। এর কাছাকাছি কয়েকটি ইসরায়েলি বসতি রয়েছে, যেখানকার বাসিন্দারা গত কয়েক মাসে একাধিকবার ওই এলাকার মানুষের ওপর হামলা চালিয়েছেন।

ঘটনাস্থল থেকে এএফপির একজন সাংবাদিক বলেন, বাইরের দেয়ালে হিব্রু ভাষায় বিভিন্ন ধরনের স্লোগান স্প্রে করে লেখা হয়েছে। যার মধ্যে একটি ছিল, আমরা চুপ করে আছি মানে এই নয় যে ঘুমিয়ে আছি।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, মসজিদে গ্রাফিতি, অগ্নিসংযোগ এবং একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়ার পর মিখমাসে সৈন্য পাঠানো হয়েছিল।

তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনও সন্দেহভাজনকে শনাক্ত করা যায়নি এবং এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

বিষয়:ইসরায়েল ফিলিস্তিন মসজিদে অগ্নিসংযোগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…