জমি নিয়ে বিরোধে ছেলের মারধরে মায়ের মৃত্যু!

ময়মনসিংহ জেলার মানচিত্র ও বাংলাদেশের মানচিত্রে এর অবস্থান দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ছেলের মারধরে মিনারা বেগম (৬৫) নামে এক মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে উপজেলা পৌর শহরের কাকনহাটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে কামরুল হাসান (৪০) পলাতক রয়েছেন।
নিহত মিনারা বেগম ওই গ্রামের প্রয়াত শিহাব উদ্দিনের স্ত্রী। শিহাব উদ্দিন অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। অভিযুক্ত কামরুল হাসান ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে শিহাব উদ্দিন তার মেয়ে শাহানারা বেগম চায়নাকে ৫০ শতক এবং স্ত্রী মিনারা বেগমকে ৩০ শতক জমি সাব-কবলা দলিলের মাধ্যমে লিখে দেন। এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন কামরুল ও তার স্ত্রী নিলুফা বেগম। জমি নিয়ে প্রায়ই মায়ের সঙ্গে তাদের কথা-কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটত।
গতকাল সোমবার সন্ধ্যায় জমি নিয়ে আবারও কথা-কাটাকাটির একপর্যায়ে মিনারা বেগমকে কিল-ঘুষি মারেন ছেলে কামরুল। পরে ঘরের দরজায় শিকল ঝুলিয়ে মা ও বোন শাহানারা বেগমকে অবরুদ্ধ করে রাখা হয়। মিনারা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার ভাই আলামিন গিয়ে তাদের উদ্ধার করেন।
রাত ১২টার দিকে মিনারা বেগমকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
মঙ্গলবার ভোর পাঁচটার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে আবারও হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে শাহানারা বেগম চায়না বলেন, জমি লিখে দেওয়াকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত। এ ঘটনাকে কেন্দ্র করে তার ভাই মাকে হত্যা করেছেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন শাহানারা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।






