বরিশালে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যা

চ্যানেল আই অনলাইন এর জন্য বরিশাল জেলার মানচিত্র ও বঙ্গোপসাগর অঞ্চলের ছবি, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকা।. Channel i News – চ্যানেল আই নিউজ
বরিশাল নগরীর উপকণ্ঠ পূর্ব পুরানপাড়া এলাকায় প্রতিপক্ষের বাটুলের কোপে কামরুল ইসলাম (৫২) নামক এক ব্যক্তি নিহত হয়েছেন। জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে জানা গেছে।
শনিবার (৭ নভেম্বর) আনুমানিক সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে।
নিহত কামরুল ইসলামের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘদিন থেকে কামরুল ইসলামের সাথে তার সৎ মামাতো ভাই সুরুজ মিয়ার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে কামরুল ইসলাম তার জমিতে দেয়াল নির্মানের জন্য যাওয়ার পর উভয়ের মধ্যে বাগবিতন্ডা শুরু হয়। পরবর্তীতে সুরুজ, তার বাবা আনোয়ার হোসেন ও ভাই মিরাজ মিলে কামরুলকে মারধর করে।
একপর্যায়ে তারা বাটুল দিয়ে কামরুল ইসলামের পিঠে কুপিয়ে মারাত্মক জখম করে। তাকে উদ্ধার করে বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার এসআই শহিদুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে থানা পুলিশ তাৎক্ষনিক ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন, তার স্ত্রী খাদিজা বেগম, ছেলে মিরাজ হোসেনকে আটক করেছেন।
পাশাপাশি নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এসআই শহিদুল ইসলাম আরও জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





