ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জায়গা নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওড়া গ্রামের মাগুরপাড়ায় একটি জায়গা নিয়ে স্থানীয় দানা মিয়ার গোষ্ঠী ও শিপন মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এনিয়ে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে শনিবার সকালে ফের উভয় পক্ষের লোকজন টেঁটা-বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া আর ইট-পাটকেল নিক্ষেপে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। দাঙ্গাবাজরা বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ এহতেশামুল হক বলেন, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশসহ সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।







