লাপোর্তার চোখে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার কে

বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালকে ব্যালন ডি’অর জয়ের যোগ্য মনে করেন ক্লাবটির সভাপতি হোয়ান লাপোর্তা। দুর্দান্ত মৌসুম, গুরুত্বপূর্ণ শিরোপা জয় এবং মাঠের পারফরম্যান্সের ভিত্তিতে ইয়ামাল এই পুরস্কার পাওয়ার দাবিদার বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইয়ামালের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে কথা বলেন লাপোর্তা। তিনি বলেন, ‘ইয়ামাল অসাধারণ একটি মৌসুম কাটিয়েছেন এবং গুরুত্বপূর্ণ শিরোপা জয়ে অবদান রেখেছেন। তাই এই পুরস্কার জিতলে তা হবে যথার্থ স্বীকৃতি।’
ইয়ামালের আত্মবিশ্বাসী মনোভাবেরও প্রশংসা করেছেন বার্সেলোনা সভাপতি। মাত্র ১৯ বছর বয়সে নিজের সামর্থ্য ও প্রত্যাশা নিয়ে খোলামেলা কথা বলাকে স্বাভাবিক বলে মনে করেন। লাপোর্তার বিশ্বাস, প্রতিভা ও সম্ভাবনার সমন্বয়ে ভবিষ্যতে ফুটবলে ইতিহাস গড়তে পারেন এই স্প্যানিশ তরুণ।
এ সময় লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে বর্তমান সময়ের ব্যালন ডি’অর প্রতিদ্বন্দ্বিতার তুলনাও করেন লাপোর্তা। তার মতে, মেসি ও রোনালদোর সময়েও তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল, তবে বর্তমানের মতো প্রার্থীদের নিয়ে এত আলোচনা দেখা যায়নি।
পুরস্কারের ফলাফল নিয়ে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে উল্লেখ করে লাপোর্তা জানান, ইয়ামাল জিতলে তিনি অত্যন্ত খুশি হবেন।






