কিংবদন্তি প্যাট্রিক স্টুয়ার্টের স্মরণীয় পাঁচ চরিত্র

‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’ সিরিজের ক্যাপ্টেন জ্যাঁ-লুক পিকার্ড কিংবা ‘এক্স-মেন’ ফ্র্যাঞ্চাইজির প্রফেসর চার্লস জেভিয়ার, এই দুই চরিত্রেই বিশ্বজুড়ে পরিচিত স্যার প্যাট্রিক স্টুয়ার্ট। তবে অভিনয়জীবনের ব্যাপ্তি কেবল এই দুই চরিত্রে সীমাবদ্ধ নয়। ছয় দশকের দীর্ঘ ক্যারিয়ারে ধ্রুপদি থিয়েটার, কল্পবিজ্ঞান, ঐতিহাসিক নাটকসহ নানা ধরনের চরিত্রে নিজের অভিনয়দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।
৮৬ বছর বয়সে এই অভিনেতার মৃত্যুর খবর সামনে আসার পর নতুন করে আলোচনায় এসেছে তার বৈচিত্র্যময় অভিনয়জীবন। পর্দায় কখনো তিনি মধ্যযুগের রাজা, কখনো বিশ্বস্ত যোদ্ধা, আবার কখনো নির্মম বাবা কিংবা অনুশোচনায় বদলে যাওয়া এক কৃপণ বৃদ্ধ। ক্যাপ্টেন পিকার্ড ও প্রফেসর এক্সের বাইরেও তার অভিনয়প্রতিভার পরিচয় পাওয়া যায় এমন পাঁচটি উল্লেখযোগ্য চলচ্চিত্র ও টেলিভিশন কাজ তুলে ধরা হলো।
১. এক্সক্যালিবার (১৯৮১)
জন বুরম্যান পরিচালিত মধ্যযুগীয় ফ্যান্টাসি চলচ্চিত্র ‘এক্সক্যালিবার’-এ লিওডেগ্র্যান্স চরিত্রে অভিনয় করেন প্যাট্রিক স্টুয়ার্ট। তিনি ছিলেন রানি গিনিভিয়ারের বাবা এবং একজন অভিজাত রাজা। কিংবদন্তির তলোয়ার এক্সক্যালিবার রাজা আর্থারের হাতে তুলে দেওয়া এবং তাকে রাজপরিবারে স্বাগত জানানোর মধ্য দিয়ে চরিত্রটি আনুগত্য ও রাজকীয় দায়িত্ববোধের পরিচয় দেয়।
২. ডিউন (১৯৮৪)
ডেভিড লিঞ্চ পরিচালিত ‘ডিউন’ চলচ্চিত্রে গার্নি হ্যালেক চরিত্রে দেখা যায় স্টুয়ার্টকে। হাউস অ্যাট্রেইডিসের এই বিশ্বস্ত যোদ্ধা একই সঙ্গে দক্ষ সামরিক প্রশিক্ষক ও তরুণ পল অ্যাট্রেইডিসের অভিভাবকসুলভ পরামর্শদাতা। প্রতিকূল মরুগ্রহ অ্যারাকিসে অস্ত্র চালানোর পাশাপাশি বালিসেট নামের বাদ্যযন্ত্র বাজাতেও দেখা যায় তাকে। চরিত্রটির মধ্যে যোদ্ধার কঠোরতা ও স্নেহশীলতার চমৎকার সমন্বয় ঘটিয়েছেন অভিনেতা।
৩. লেডি জেন (১৯৮৬)
ঐতিহাসিক জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘লেডি জেন’-এ হেনরি গ্রে, ডিউক অব সাফোক চরিত্রে অভিনয় করেন স্টুয়ার্ট। উচ্চাকাঙ্ক্ষী ও স্বার্থপর এই বাবা নিজের ক্ষমতা ও রাজনৈতিক প্রভাব বাড়াতে মেয়েকে ব্যবহার করেন। তার মেয়ে লেডি জেন গ্রের চরিত্রে অভিনয় করেন হেলেনা বোনহ্যাম কার্টার। মেয়েকে তৎকালীন ইংল্যান্ডের ক্ষমতার দ্বন্দ্বে ঠেলে দেওয়ার মধ্য দিয়ে একজন কঠোর, কৌশলী ও নির্মম বাবার চরিত্র ফুটিয়ে তোলেন স্টুয়ার্ট।
৪. দ্য ডেভিলস ডিসাইপল (১৯৮৭)
জর্জ বার্নার্ড শ-র বিখ্যাত নাটক অবলম্বনে নির্মিত টেলিভিশন চলচ্চিত্র ‘দ্য ডেভিলস ডিসাইপল’-এ রেভারেন্ড অ্যান্থনি অ্যান্ডারসন চরিত্রে অভিনয় করেন তিনি। বিবিসির ‘থিয়েটার নাইট’ অ্যান্থলজি সিরিজের অংশ হিসেবে নির্মিত এই চলচ্চিত্রে আমেরিকার স্বাধীনতাযুদ্ধের পটভূমিতে চরিত্রটির আমূল পরিবর্তন ঘটে। শান্তিপ্রিয় ধর্মযাজক থেকে একসময় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেওয়া যোদ্ধায় পরিণত হন তিনি। চরিত্রটির এই নৈতিক ও মানসিক পরিবর্তন পর্দায় দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন স্টুয়ার্ট।
৫. আ ক্রিসমাস ক্যারল (১৯৯৯)
চার্লস ডিকেন্সের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত টেলিভিশন চলচ্চিত্র ‘আ ক্রিসমাস ক্যারল’-এ এবেনেজার স্ক্রুজ চরিত্রে অভিনয় করেন প্যাট্রিক স্টুয়ার্ট। এই চরিত্রে তার অভিনয় সমালোচকদের প্রশংসা পায়। অর্থলোভী, নিষ্ঠুর ও মানবিকতাহীন এক বৃদ্ধের চরিত্র থেকে বড়দিনের আগের রাতে অতিপ্রাকৃত অভিজ্ঞতার মধ্য দিয়ে উদার ও মানবিক মানুষ হয়ে ওঠার গল্প এটি। চরিত্রটির আবেগ, অনুশোচনা ও পরিবর্তনকে বিশ্বাসযোগ্য করে তুলেছেন স্টুয়ার্ট। টেলিগ্রাফ ইন্ডিয়া










