অনূর্ধ্ব-১৫ ও ১৬ পেরিয়ে পর্তুগালে নতুন ডাক এলো রোনালদোর বড় ছেলের
অনূর্ধ্ব-১৭ দলে জায়গা পেলেন

প্রথমবার পর্তুগালের অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেন ক্রিস্টিয়ানো রোনালদোর বড় ছেলে রোনালদো জুনিয়র। সৌদি আরবের ক্লাব আল-নাসের একাডেমিতে খেলা জুনিয়রকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের জন্য ২৩ সদস্যের দলে অন্তর্ভুক্ত করেছেন প্রধান কোচ ফিলিপ রামোস। ১৬ বছর বয়সী জুনিয়র আগে পর্তুগালের অন্য বয়সভিত্তিক দলে খেলেছেন।
কিশোর পর্যায় থেকে ফরোয়ার্ড পজিশনে একের পর এক উন্নতি করে চলেছেন রোনালদো জুনিয়র। তার পুরস্কার অনূর্ধ্ব-১৭ দলে জায়গা পাওয়া। এমাসের শেষদিকে দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি। চলতি মৌসুমে ক্লাব ৭ ম্যাচে ৩ গোল আছে তার।
রোনালদো জুনিয়র ২০২৫ সালের মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের হয়ে জাতীয় পর্যায়ে ক্যারিয়ার শুরু করেন। অভিষেকের পর থেকে এপর্যন্ত বিভিন্ন যুব পর্যায়ে ১৩ ম্যাচ খেলে ৫ গোল করেছেন।
অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ৪ ম্যাচে ২ গোলের পর, অনূর্ধ্ব-১৬ দলের হয়েও গোলের ধারাবাহিকতা রাখেন। ৯ ম্যাচে ৩ গোল করেন।






