বিনোদন

পারিবারিক বিনোদনে জনপ্রিয়তার শীর্ষে তাহসানের শো

পারিবারিক বিনোদনে জনপ্রিয়তার শীর্ষে তাহসানের শো

টেলিভিশন ও ডিজিটাল বিনোদনে এক নতুন ইতিহাস সৃষ্টি করে সফলভাবে সমাপ্ত হলো দেশের অন্যতম জনপ্রিয় পারিবারিক গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ২।

সংশ্লিষ্টরা এক সংবাদ বিজ্ঞপ্তি জানায়, বর্ণিল আয়োজনটি শুধুমাত্র একটি প্রতিযোগিতা ছিল না; বরং এটি হয়ে উঠেছিল দেশের কোটি মানুষের ড্রয়িংরুমের নিয়মিত আনন্দের সঙ্গী।

এই আসরটি দেশজুড়ে সাধারণ দর্শকদের কাছ থেকে পেয়েছে বিপুল গ্রহণযোগ্যতা। ডিজিটাল এবং টেলিভিশন মাধ্যম মিলিয়ে এবারের সিজনটি বিলিয়নের বেশি ভিউজ অর্জনের অনন্য এক মাইলফলক ছুঁয়েছে।

গেম শো-টির অন্যতম প্রধান আকর্ষণ ছিল এর জরিপ বা সার্ভে কার্যক্রম। সিজন ২-এর প্রশ্নগুলোর উত্তরের জন্য শুধু একটি নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে দেশের ৬৪টি জেলাতেই ব্যাপক পরিসরে জরিপ চালানো হয়।

প্রান্তিক পর্যায় থেকে শুরু করে সারাদেশের সব শ্রেণি-পেশার মানুষের মতামতকে এক সুতোয় গেঁথে মূলমঞ্চে তুলে আনার ক্ষেত্রে ‘বঙ্গ’-এর এই যুগান্তকারী পদক্ষেপ অনুষ্ঠানটির বিস্তৃতি ও মাত্রাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

পুরস্কারের দিক থেকেও এবারের সিজনটি ছিল বেশ জাঁকজমকপূর্ণ। প্রাইজ মানি পার্টনার ‘প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’ এবং ‘প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড’-এর সৌজন্যে বিজয়ী ও অংশগ্রহণকারী পরিবারগুলো প্রায় ১৫ লাখ টাকারও বেশি সমমূল্যের পুরস্কার জিতে নিয়েছে।

নগদ অর্থের পাশাপাশি ‘ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’-তে বিলাসবহুল স্টেকেশন এবং অন্যান্য স্পন্সরদের আকর্ষণীয় গিফট কার্ড পরিবারগুলোর এই অভিজ্ঞতাকে করেছে আরও স্মরণীয়।

অনুষ্ঠানটির জনপ্রিয় উপস্থাপক তাহসান খান তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এই আসরে বাংলাদেশের এত রকম পরিবার, এত রকম মানুষের সাথে মিশেছি যা সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা। এই শো-এর মাধ্যমে আমাদের পরিবারগুলোর হাসি, আনন্দ আর একসাথে থাকার জায়গাটা যে আসলে একই, তা খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। দেশের মানুষের এতটা ভালোবাসা পাবো ভাবিনি, এমন একটি আয়োজনের সঞ্চালক হিসেবে আমি সত্যিই ভীষণ গর্বিত।”

টেলিভিশন রেটিং থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্মের এই বিপুল দর্শক সব মিলিয়ে বঙ্গ-এর ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ২ বিনোদন জগতে এক নতুন মানদণ্ড স্থাপন করেছে। হাসি, উত্তেজনা আর দারুণ সব স্মৃতি উপহার দিয়ে সিজন ২ শেষ হলেও, দর্শকদের মনে এর রেশ থেকে যাবে আরও বহুকাল।

আর দর্শকদের এই অবিরাম ভালোবাসাকে সম্বল করে শিগগির আসছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ৩, এমনটাই জানায় বঙ্গ কর্তৃপক্ষ।

বিষয়:উপস্থাপক টেলিভিশন তাহসান নাটক ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ বঙ্গ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…