‘জওয়ান’ এর ব্লকবাস্টার ওপেনিং হবে, এমনটা অনুমানই ছিলো। মুক্তির প্রথম দিনে হলোও তাই! প্রতীক্ষিত সিনেমাটি থেকে বক্স অফিসে কাঙ্ক্ষিত সাফল্যই পেলেন শাহরুখ!
শুধু তাই নয়, বক্স অফিসের আয়ে ছাপিয়ে গেলেন নিজের আগের রেকর্ডকেও!
হ্যাঁ, সর্বশেষ ‘পাঠান’ দিয়ে বক্স অফিসে মুক্তির দিনে ৫৭ কোটি রুপি আয় করে রেকর্ড করেছিলেন শাহরুখ! এবার ‘জওয়ান’ দিয়ে সেই রেকর্ডকেই ছাপিয়ে গেলেন তিনি।
‘জওয়ান’ এর প্রথম দিনের বক্স অফিস আয় সম্পর্কে নিশ্চিত হিসেব এখনও পাওয়া না গেলেও বলিউডের মুভিরিভিউজে দেয়া তথ্যসূত্রে জানা গেছে, শুধু হিন্দি ভাষাতেই ‘জওয়ান’ আয় করেছে ৬৪ থেকে ৬৬ কোটি রুপি! অন্যদিকে তামিল ও তেলুগু ভাষায় সিনেমাটি আয় করেছে ৬ থেকে ৮ কোটির মতো!
সব মিলিয়ে শুধু ভারতে ‘জওয়ান’ প্রথম দিনে ৭০ থেকে ৭৪ কোটি রুপির মতো আয় করেছে বলেই ধারণা মুভিরিভিউজের। সিনেমার বক্স অফিস নিয়ে স্বচ্ছ হিসেব প্রকাশ করা পোর্টালটি মনে করছে, মুক্তির প্রথম দিনে ‘জওয়ান’ বিশ্বব্যাপী ১১৫ থেকে ১২৫ কোটি রুপি আয় করেছে!
বৃহস্পতিবার ভারতের সাড়ে ৫ হাজার স্ক্রিন সহ বিশ্বের ১০ হাজারের বেশী স্ক্রিনে মুক্তি পেয়েছে ৩০০ কোটি রুপি বাজেটের এই সিনেমা। ছবিটি পরিচালনা করেছেন অ্যাটলি কুমার৷ এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় ছাড়াও প্রযোজনা করেছেন শাহরুখ।
সিনেমাটি একই দিনে মুক্তি পেয়েছে বাংলাদেশেও।







