পুলিশের আশ্বাসে মহাসড়কের অবরোধ তুলে নিল জাবি শিক্ষার্থীরা

মহাসড়কে যানজট ও অবরোধের দৃশ্য, শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছে, আলোচনার জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এই দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেন অবরোধ করে রাখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল আবার স্বাভাবিক হয়।
গতকাল ১৩ জুন মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শান্ত জাবালি নামের একজন শিক্ষার্থীকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী রাস্তায় বেঞ্চ ফেলে আরিচাগামী লেন অবরোধ করে রাখে। প্রায় দেড় ঘণ্টা মতো চলে এ অবরোধ কর্মসূচি। এসময় সড়কটির আরিচাগামী লেনের যান চলাচল বন্ধ ছিল।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শান্ত জাবালি তার বান্ধবীসহ সাভার থেকে ব্যাটারিচালিত রিকশাযোগে ক্যাম্পাসে যাচ্ছিলেন। রিকশাটি সাভারের সিএন্ডবি এলাকায় পৌঁছালে মুখবাধা অবস্থায় তিনজন ছিনতাইকারী ধারালো অস্ত্রসহ রিকশার গতি রোধ করে।
একপর্যায়ে চাপাতি দিয়ে কোপ দিলে শান্ত জাবালির ডান হাতের পাঁচটি আঙ্গুল কেটে যায়। এরপর তার কাছে থাকা মোবাইল ও মানিব্যাগ নিয়ে ছিনতাইকারীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় জাবালিকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
আশুলিয়া থানার ওসি কামরুজ্জামান বলেন, শিক্ষার্থীরা এখন অবরোধ তুলে নিয়েছে। আমি বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য দুটি চেকপোস্ট বসাবো। কালকে থেকে পুলিশ সন্ধ্যা পাঁচটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত রাস্তায় টহল দিবে। এছাড়া, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুর্বৃত্তদের আমি গ্রেপ্তার করবো। আর ক্ষতিগ্রস্তের ক্ষতিপূরণ দেওয়া হবে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মওদুদ আহমেদ বলেন, আশুলিয়া থানা পুলিশ হাইওয়েতে নিরাপত্তা জোরদারের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে। এছাড়া, ৪৮ ঘণ্টার মধ্যে দুর্বৃত্তদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন। এখন রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।






