মেয়ের বটির কোপে মায়ের মৃত্যু

ফেনীর দাগনভূঞায় মেয়ের ধারালো বটির কোপে সেতারা বেগম (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মেয়ে রিনা আক্তারকে আটক করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার পূর্বচন্দ্রপুর গ্রামের বাদশাহ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সেতারা বেগম ওই গ্রামের মৃত হোসেন আহমেদের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কিছুদিন ধরে রিনা আক্তারের আচরণে অস্বাভাবিকতা দেখা যায়। সম্প্রতি তিনি তার স্বামীকেও মারধর করেন। এরপর পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য বাবার বাড়িতে নিয়ে আসেন। সেখানে তার মানসিক স্বাস্থ্যসহ অন্যান্য সমস্যার চিকিৎসা চলছিল।
রোববার রাতে হঠাৎ রিনা ঘরের অন্য সদস্যদের একটি কক্ষে আটকে রেখে ধারালো বটি দিয়ে তার মাকে উপর্যুপরি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই সেতারা বেগমের মৃত্যু হয়। পরে বটি হাতে নিয়ে তিনি ঘরের এক কক্ষ থেকে অন্য কক্ষে ছোটাছুটি করেন এবং ভেতর থেকে দরজা আটকে রাখেন।
খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণ চেষ্টার পর বসতঘরের লোহার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। পরে ঘরের মেঝে থেকে সেতারা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় রিনা আক্তারকে আটক করা হয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা সেতারা বেগমের মরদেহ উদ্ধার করে। রিনার মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে কী কারণে তিনি এ ঘটনা ঘটিয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।






