টানা পাঁচের বেশি এল ক্ল্যাসিকোয় অপরাজিত মরিনহো, রেকর্ডে সঙ্গী যারা

অবশেষে এল ক্ল্যাসিকোতে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের। লা লিগায় রোববার রাতে ন্যু ক্যাম্পে বার্সেলোনাকে হারিয়েছে ২-১ গোলে। জয়ে অন্যরকম এক মাইলফলক গড়েছেন হোসে মরিনহো। দুদফায় লস ব্লাঙ্কোসদের দায়িত্বে বসে বার্সার সাথে শেষ ছয় দেখায় কোন হার নেই পর্তুগিজ কোচের। একই কৃতিত্ব রয়েছে আরও পাঁচ রিয়াল কোচের। যার মধ্যে কেউ ৫ ম্যাচে, কেউ পাঁচের বেশি অপরাজিত ছিলেন কাতালান ক্লাবটির বিপক্ষে।
২০১০ সালে নিজের প্রথম এল ক্ল্যাসিকোর আগে, অন্যক্লাবের কোচ হিসেবে বার্সেলোনার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা ছিল মরিনহোর। ২০০৫ থেকে ২০১০ সালের মধ্যে চেলসি ও ইন্টার মিলানের কোচ হয়ে বার্সার বিপক্ষে লড়েছেন। যেখানে পরিসংখ্যান ছিল ৩ জয়, ৩ ড্র ও ৪ হার। ম্যানুয়েল পেল্লেগ্রিনির পর রিয়ালের দায়িত্ব নেন মরিনহো। ২০১০/১১ মৌসুমে লা লিগার ১৩তম রাউন্ডে ন্যু ক্যাম্পে তিনি প্রথম এল ক্ল্যাসিকো পান। যা ছিল তার জন্য দুঃস্বপ্ন, ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছিল রিয়াল।
এরপর থেকে মরিনহো আর হারেননি কাতালান ক্লাবটির বিপক্ষে। অন্যতম উল্লেখযোগ্য সাফল্য ছিল ২০১১ কোপা ডেল রে ফাইনালে জয়। ক্রিস্টিয়ানো রোনালদোর একমাত্র গোলে জিতেছিলেন ১-০তে। লস ব্লাঙ্কোসদের কোচ হিসেবে এল ক্ল্যাসিকোতে মরিনহোর পরিসংখ্যান, ৫ জয়, ৬ ড্র এবং ৬ হার। যার মধ্যে শেষ ৬ ম্যাচে তিনি অপরাজিত, ৪ জয় ও ২ ড্র আছে এই পথে। ২০১২ সালে ১ জয়, ১ ড্র, ২০১৩ সালে ১ ড্র, ২ জয় এবং সবশেষ রোববার রাতে বার্সেলোনার বিপক্ষে জয় পেয়েছেন মরিনহো। তিনি ছাড়া তালিকায় আছেন পাকো ব্রু, বেনিতো ফোরো, মিগেল মুনোজ, ভিসেন্তে দেল বস্ক এবং জিনেদিন জিদান।
জিদানের অধীনে রিয়াল টানা ৫ ম্যাচে অপরাজিত ছিল। শুরুটা হয়েছিল ২০১৮ সালের মে’তে ন্যু ক্যাম্পে, ২-২ ড্রয়ের মধ্য দিয়ে এবং শেষ হয়েছিল ২০২১ সালে এপ্রিলে সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলের জয় দিয়ে।
এই ধারা শুরু হয় পাকো ব্রুয়ের হাত ধরে। টানা ৫ ম্যাচে অপরাজিত থাকার ধারা শুরু হয়েছিল ১৯৩৫ সালে, সমাপ্তি ঘটে ১৯৪০ সালে। বেনিতো ফোরোর অধীনে ১৯৯৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে পাঁচটি এল ক্ল্যাসিকো খেলে রিয়াল ৩ জয় ও ২ ড্র করেছিল। মাদ্রিদের মাত্র দুজন কোচ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ৫ বারের বেশি অপরাজিত থাকার রেকর্ড গড়েছেন। যারা মিগেল মুনোজ এবং ভিসেন্তে দেল বস।
মিগেল ১৯৬০ থেকে ১৯৭৪ পর্যন্ত, ১৫ মৌসুম দলের দায়িত্বে ছিলেন। রিয়াল তার অধীনে বার্সেলোনার মুখোমুখি হয়েছিল ৩৬ বার। ১৯৬২ সালের এপ্রিল থেকে ১৯৬৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৭ ম্যাচে জিতেছিল লস ব্লাঙ্কোসরা। ১৯৯৯ সালের নভেম্বরে জন তোশাকের থেকে দায়িত্ব দেন দেল বস্ক। স্পেনের বিশ্বকাপজয়ী কোচের অধীনে বার্সেলোনার বিপক্ষে ৯ ম্যাচ খেলে রিয়াল মাত্র একটিতে হেরেছিল, এরমধ্যে টানা ৭ ম্যাচে অপরাজিত ছিল।





