জনপদ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ২১ প্লাটুন বিজিবি, নিরাপত্তায় ড্রোন ও ডগ স্কোয়াড

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ২১ প্লাটুন বিজিবি, নিরাপত্তায় ড্রোন ও ডগ স্কোয়াড

প্রতিনিধির পাঠানো ছবি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচনী এলাকায় ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া।

নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থান ও প্রবেশপথে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। নির্বাচনকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আধুনিক প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে।

নিরাপত্তা কার্যক্রমে ড্রোন ক্যামেরা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শরীরে সংযুক্ত বডি-ওর্ন ক্যামেরা এবং বিশেষ প্রশিক্ষিত ডগ স্কোয়াড কাজে লাগানো হচ্ছে। এসব ব্যবস্থার মাধ্যমে নির্বাচনী এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।

প্রেস ব্রিফিংয়ে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমানসহ বিজিবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির পাশাপাশি বিজিবির এই প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এসব ব্যবস্থার মাধ্যমে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

বিষয়:২১ প্লাটুন বিজিবি ঠাকুরগাঁও

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…