জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের নতুন ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. শামছুল আলম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতির মাধ্যমে উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিয়োগ পাওয়ায় তার আবেদনের পরিপ্রেক্ষিতে ডিনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্টের প্রথম সংবিধির ৮(২) ধারা অনুযায়ী অধ্যাপক শরিফুল হুদাকে যোগদানের তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং সংশ্লিষ্ট সুবিধা ভোগ করবেন।
অফিস আদেশে বিদায়ী ও নবনিযুক্ত ডিনকে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ-সংক্রান্ত সনদ যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার জন্যও অনুরোধ জানানো হয়েছে।







