শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা পদ্ধতি প্রশিক্ষণ শেষ, অংশ নিলেন ১৩৭ শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা পদ্ধতি প্রশিক্ষণ শেষ, অংশ নিলেন ১৩৭ শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তিন মাসব্যাপী গবেষণা পদ্ধতি প্রশিক্ষণ কোর্স শেষ করেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি (জেইউআরএস)। এ প্রশিক্ষণে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩৭ শিক্ষার্থী অংশ নেন।

শনিবার (১০ অক্টোবর) সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবারের মতো এ প্রশিক্ষণ কোর্স শেষ হয়। ১২টি সেশনে পরিচালিত এ কর্মসূচিতে গবেষণা পদ্ধতির মৌলিক ধারণা, গবেষণা পরিকল্পনা, গবেষণা পরিচালনা এবং নতুন গবেষণার ধারণা তৈরির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ দেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র‌্যাঙ্কিং ও দেশের উন্নয়নে গবেষণার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গবেষণার মান উন্নয়ন এবং এ খাতে বাজেট সহায়তা বাড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নয়নে শিক্ষার্থীদের গবেষণায় অবদান রাখার আহ্বান জানান উপাচার্য।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের উপ-উপাচার্য অধ্যাপক মো. শামসুল আলম গবেষণার জন্য প্রাতিষ্ঠানিক সহায়তা বাড়ানো এবং গবেষণা সোসাইটির কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেন।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শোহেল রানা সীমিত বাজেটের মধ্যেও কর্মসূচিটি সফলভাবে আয়োজন করায় জেইউআরএসের প্রশংসা করেন। তিনি সংগঠনটির কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক ওয়েবসাইটে যুক্ত করা এবং গবেষণার জন্য আলাদা সাবডোমেইন চালুর প্রস্তাব দেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেইউআরএসের সাধারণ সম্পাদক রায়হান কবির। পরে অংশগ্রহণকারী দলগুলো নিজেদের গবেষণা প্রকল্প ও ফলাফল নিয়ে পোস্টার উপস্থাপন করে।

পোস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ‘বাংলাদেশে এইচআইভি শনাক্তকরণে বিলম্ব ও চিকিৎসার ফলাফল’ শীর্ষক গবেষণা প্রকল্প। দলের সদস্যরা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের তাসনোভা তাজ প্রাপ্তি, ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনের (নিটোর) ফিজিওথেরাপি বিভাগের শৌগত দাস যশ, এসএআইএসি কলেজ অব মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজির মো. আবদুল কাইয়ুম সরকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও ডেটা সায়েন্স বিভাগের জেমি আক্তার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রকৃতি ঘোষ।

প্রতিযোগিতায় রানারআপ হয় ‘ডায়াবেটিস রোগীদের ক্ষত নিরাময়ে সেকেন্ডারি মেটাবোলাইটের ব্যবহার’ শীর্ষক গবেষণা প্রকল্প। দলের সদস্যরা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাজমুল হোসেন অপূর্ব এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের রাইয়ান আহমেদ, সাদিয়া জামান, মোরশেদা জাহান ও শেথিলা হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেইউআরএসের সভাপতি আবু রুম্মান। কর্মসূচির আহ্বায়ক ছিলেন তাইমুর খান তুর্জো, যুগ্ম আহ্বায়ক সামিয়া এনাম এবং সমন্বয়ক এমএসটি সামিহা আক্তার সালমা। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের সম্মাননা স্মারক এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হয়।

আয়োজকদের মতে, এ প্রশিক্ষণ তরুণ গবেষকদের দক্ষতা বৃদ্ধি, বিভিন্ন বিষয়ে গবেষকদের মধ্যে সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয়:১৩৭ শিক্ষার্থী গবেষণা পদ্ধতি জাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশিক্ষণ শেষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…