ইরাকে তেল চোরাচালানের অভিযোগে নিরাপত্তা বাহিনীর ৯ কর্মকর্তাকে বরখাস্ত

ছবি: সংগৃহীত
ইরাকে তেল চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের নয়জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জুরফ আল-নাসর এলাকায় তেল চোরাচালানের ঘটনা তদন্তের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএকে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র সাবাহ আল-নুমান জানান, বাবিল প্রদেশের জুরফ আল-নাসর এলাকায় তেল চোরাচালানের ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন পর্যালোচনায় জরুরি নিরাপত্তা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী আল-জাইদি।
তদন্তে সেখানে অবৈধ তেল শোধনাগারের সন্ধান পাওয়া গেছে। পাশাপাশি তেল চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অনিয়ম ও কারসাজির প্রমাণও মিলেছে।
সাবাহ আল-নুমান বলেন, তদন্তের ফলাফলের ভিত্তিতে তেল চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত সবাইকে বিচারিক প্রক্রিয়ার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি আরও জানান, বরখাস্ত হওয়া নয় কর্মকর্তার মধ্যে বাবিল প্রদেশের নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা রয়েছেন। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কমান্ডার এবং তেল মন্ত্রণালয়ের অধীন অয়েল পাইপলাইনস কোম্পানির পরিচালককেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে বাবিল প্রদেশের পুলিশপ্রধানও রয়েছেন।
ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত কাতায়েব হিজবুল্লাহ ইরাকের অন্যতম শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী আল-জাইদির বিরুদ্ধে একাধিক কঠোর বিবৃতি দিয়েছে গোষ্ঠীটি। সরকারের বিরুদ্ধে হুমকি দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেছে তারা।
এর আগে ইরাকের কয়েকজন জ্যেষ্ঠ রাজনীতিক বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছিলেন, অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানানো সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী আল-জাইদি একাধিকবার নিজের প্রস্তুতির কথা জানিয়েছেন।
বাগদাদ থেকে আলজাজিরার প্রতিবেদক পিটার স্মিথ জানান, মাসে প্রায় ৩ কোটি ডলারের তেল চোরাচালানের একটি নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইরাকের আগের সরকারগুলো সতর্ক অবস্থান নিয়েছিল। তবে এবার পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলে মনে হচ্ছে।
তিনি বলেন, এত দিন এলাকাটি কার্যত রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্রের মতো পরিচালিত হয়ে আসছিল। কিন্তু প্রধানমন্ত্রী আলী আল-জাইদি স্পষ্ট জানিয়েছেন, ইরাকের কোনো অংশেই এ ধরনের তেল চোরাচালানের কার্যক্রম চলতে দেওয়া হবে না।
স্মিথের ভাষ্য অনুযায়ী, বাগদাদের দক্ষিণে দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত দুটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে অবৈধ সংযোগ স্থাপন করা হয়েছিল। ফাঁস হওয়া একটি গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে তিনি জানান, এসব পাইপলাইন থেকে তেল চুরি করে কালোবাজারে বিক্রি করা হতো। এভাবে প্রতি মাসে কোটি কোটি ডলারের অবৈধ বাণিজ্য চলছিল।
বুধবার আইএনএ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা নথি ও উপগ্রহ চিত্রে জুরফ আল-নাসর এলাকায় একটি সশস্ত্র গোষ্ঠীর অপরিশোধিত তেল ও তেলজাত পণ্য চোরাচালানের প্রমাণ পাওয়া গেছে। সেখানে একটি পাইপলাইনে অবৈধ সংযোগ স্থাপনের অভিযোগও তোলা হয়। তবে ওই গোষ্ঠীর নাম প্রকাশ করা হয়নি।
সাবাহ আল-নুমান জানিয়েছেন, তদন্ত কমিটি গোয়েন্দা প্রতিবেদনে পাওয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
এদিকে আটলান্টিক কাউন্সিলের ইরাক ইনিশিয়েটিভের জ্যেষ্ঠ অনাবাসিক ফেলো আকিল আব্বাস আল-জাজিরাকে বলেন, ইরাকে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী ও সশস্ত্র সংগঠনের মাধ্যমে তেল চোরাচালান একটি প্রচলিত ঘটনা। তবে এর পেছনে রাজনৈতিক বা কৌশলগত উদ্দেশ্যের চেয়ে বাণিজ্যিক স্বার্থই বেশি কাজ করে।
তার মতে, এবারের অভিযানের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ উদ্যোগের সম্পর্ক বেশি। প্রধানমন্ত্রী দুর্নীতিবিরোধী অভিযান হিসেবে বিষয়টিকে সামনে এনেছেন। এ কারণেই কয়েক দিন আগে সরকার এ অভিযান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
আকিল আব্বাস আরও বলেন, সরকারের নিরস্ত্রীকরণ উদ্যোগের বিরোধিতা করে আসা একটি নির্দিষ্ট সশস্ত্র গোষ্ঠীর অর্থের জোগান বন্ধ করাই প্রধানমন্ত্রীর এই পদক্ষেপের অন্যতম লক্ষ্য। তেল চোরাচালানের মাধ্যমে গোষ্ঠীটি যে বিপুল অর্থ পেয়ে আসছিল, তা বন্ধ করতে চাইছে সরকার।
বিশ্লেষকদের মতে, তেল চোরাচালানের বিরুদ্ধে এই অভিযান শুধু দুর্নীতি দমনের পদক্ষেপ নয়, বরং ইরাকে প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা নিয়ন্ত্রণের বৃহত্তর উদ্যোগেরও অংশ হতে পারে।




