আন্তর্জাতিক

ভারতে বন কর্মকর্তার বাড়িতে অভিযান, আড়াই কেজি স্বর্ণ ও দেড় কেজি রুপা উদ্ধার

ভারতে বন কর্মকর্তার বাড়িতে অভিযান, আড়াই কেজি স্বর্ণ ও দেড় কেজি রুপা উদ্ধার

ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশে এক বন কর্মকর্তার তিনটি ঠিকানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা, স্বর্ণ ও রুপা উদ্ধার করেছে দুর্নীতি দমন সংস্থা লোকায়ুক্ত। উদ্ধার করা সম্পদের মধ্যে রয়েছে ২ কেজি ৫২৮ গ্রাম স্বর্ণ, ১ কেজি ৬৫৬ গ্রাম রুপা এবং নগদ ২৬ লাখ ৩৬ হাজার ৮০০ রুপি। প্রাথমিক হিসাবে ওই কর্মকর্তার সম্পদের পরিমাণ প্রায় ৭ কোটি ৬০ লাখ রুপি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অভিযানটি পরিচালিত হয়েছে সঞ্জীব কুমার শর্মার বিরুদ্ধে। তিনি মধ্যপ্রদেশের সাতপুরা টাইগার রিজার্ভের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে।

দুর্নীতি দমন সংস্থা লোকায়ুক্তের কাছে অভিযোগ করা হয়, সঞ্জীব কুমার শর্মা তার স্ত্রীসহ কয়েকজনকে নিয়ে বৈধ আয়ের তুলনায় অনেক বেশি সম্পদের মালিক হয়েছেন। প্রাথমিক অনুসন্ধানে তার সম্পদের পরিমাণ বৈধ আয়ের তুলনায় ২২৮ শতাংশ বেশি বলে ধারণা করা হয়। পরে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়। আদালতের পরোয়ানা পাওয়ার পর এ অভিযান চালানো হয়।

লোকায়ুক্তের ভোপাল বিভাগের পৃথক দল পাচমাড়িতে শর্মার সরকারি বাসভবন ও কার্যালয় এবং ছিন্দওয়ারায় তার ব্যক্তিগত বাসভবনে তল্লাশি চালায়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, অভিযানে উদ্ধারকৃত ২ কেজি ৫২৮ গ্রাম স্বর্ণের আনুমানিক মূল্য ৩ কোটি ৫০ লাখ রুপি। এ ছাড়া ১ কেজি ৬৫৬ গ্রাম রুপার মূল্য প্রায় ২ লাখ ৯৪ হাজার রুপি।

এ সময় চারটি যানবাহন জব্দ করা হয়। এগুলো হলো স্করপিও, মাহিন্দ্রা কিউইউভি, রয়্যাল এনফিল্ড বুলেট ও একটি স্কুটার। যানবাহনগুলোর আনুমানিক মূল্য ৩১ লাখ ২০ হাজার রুপি। পাশাপাশি প্রায় ৫০ লাখ রুপি মূল্যের বিভিন্ন গৃহস্থালি সামগ্রীও পাওয়া গেছে।

তদন্তকারীরা শর্মার সঙ্গে সংশ্লিষ্ট আরও দুটি সম্পত্তির তথ্য পেয়েছেন। এর মধ্যে ‘ইকোটেল রিসোর্ট’-এর আনুমানিক মূল্য ২ কোটি রুপি এবং ‘সেরেনিটি দ্য ভিলা’র মূল্য প্রায় ১ কোটি রুপি। এ ছাড়া জমি কেনাবেচাসংক্রান্ত ২৮টি নথি উদ্ধার করা হয়েছে।

তবে হোটেল ও রিসোর্টের আনুষ্ঠানিক মূল্যায়ন এখনো সম্পন্ন হয়নি। জমির নথিপত্র যাচাই এবং এসব সম্পত্তির মূল্য নির্ধারণের পর মোট সম্পদের পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে লোকায়ুক্ত।

সংস্থাটির প্রাথমিক হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত উদ্ধারকৃত সম্পদের পরিমাণ শর্মার বৈধ আয়ের উৎসের তুলনায় প্রায় ৫৬০ শতাংশ বেশি। তবে এটি প্রাথমিক হিসাব বলে জানিয়েছে তদন্তকারী সংস্থাটি। অভিযান ও তদন্ত কার্যক্রম এখনো চলছে। প্রয়োজনে শর্মার সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকটি স্থানেও তল্লাশি চালানো হতে পারে।

বিষয়:উদ্ধারকৃত সম্পদ দুর্নীতি দমন অভিযান ভারতের মধ্যপ্রদেশ
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…