আন্তর্জাতিক

ইরাকে ড্রোন হামলার পর খোর মোর গ্যাসক্ষেত্রে উৎপাদন বন্ধ

ইরাকে ড্রোন হামলার পর খোর মোর গ্যাসক্ষেত্রে উৎপাদন বন্ধ

ছবি: সংগৃহীত

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র খোর মোরে ড্রোন হামলার পর উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার ৮ নভেম্বর গ্যাসক্ষেত্রটির এলপিজি সংরক্ষণ ট্যাংকে ড্রোন আঘাত হানলে আগুন ছড়িয়ে পড়ে।

সোমবার (৯ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পরপরই গ্যাসক্ষেত্রটির উৎপাদন কার্যক্রম স্থগিত করা হয়। আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে বলে জানিয়েছেন নিরাপত্তা ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের সূত্রগুলো।

কর্মীদের নিরাপত্তার স্বার্থে গ্যাসক্ষেত্রের ভেতরে থাকা আশ্রয়কেন্দ্রে তাদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে প্রাথমিক মূল্যায়নে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আলী আল-জাইদি।

কুর্দিস্তান অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে হামলাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর প্রভাব মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

খোর মোর গ্যাসক্ষেত্রটি কুর্দিস্তানের বিদ্যুৎ উৎপাদনের অন্যতম প্রধান উৎস। হামলার কারণে অঞ্চলটির প্রায় ২ দশমিক ৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বন্ধ হয়ে গেছে, ফলে অঞ্চলটির বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক বিদ্যুৎ মন্ত্রণালয়।।

গ্যাসক্ষেত্রটির যৌথ পরিচালনাকারী প্রতিষ্ঠান ডানা গ্যাস গত জুলাইয়েও নিরাপত্তাঝুঁকি ও আঞ্চলিক উত্তেজনার কারণে প্রধান উৎপাদন স্থাপনার কার্যক্রম বন্ধ করেছিল। পরে একই মাসে আবার উৎপাদন শুরু হয়।

এদিকে হরমুজ প্রণালিতে ইরানের অবরোধের কারণে জ্বালানি সরবরাহ ও জাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে। ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনার মধ্যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে বাগদাদ। তবে সংঘাতের প্রভাব ইরাকেও পড়ছে। ইরান উত্তর ইরাকে ইরানি কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোর ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো উপসাগরীয় দেশগুলোতে হামলা চালিয়েছে।

বিষয়:আলী আল-জাইদি ইরাকে ড্রোন হামলা বৃহৎ গ্যাসক্ষেত্র
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…