আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বোয়িং উড়োজাহাজের সঙ্গে কার্গো প্লেনের সংঘর্ষ

যুক্তরাষ্ট্রে বোয়িং উড়োজাহাজের সঙ্গে কার্গো প্লেনের সংঘর্ষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে চলাচলের সময় যাত্রীবাহী বোয়িং উড়োজাহাজের সঙ্গে একটি কার্গো প্লেনের সংঘর্ষ হয়েছে। এতে দুইজন যাত্রী আহত হয়েছেন। শনিবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

রবিবার (১৫ নভেম্বর) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, পানামা সিটি থেকে আসা কোপা এয়ারলাইনসের বোয়িং ৭৩৭ উড়োজাহাজটিতে ১৬৬ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। বিমানটি ট্যাক্সিওয়ে দিয়ে যাওয়ার সময় এর ডানার এক প্রান্তের সঙ্গে ইউপিএসের বোয়িং ৭৬৭ কার্গো উড়োজাহাজের সামনের অংশের ধাক্কা লাগে।

কোপা এয়ারলাইনস এক বিবৃতিতে জানায়, সংঘর্ষের পর উড়োজাহাজটি টার্মিনালে নেওয়া হয় এবং সব যাত্রী নিরাপদে নেমে আসেন। আহত দুই যাত্রীকে বিমানবন্দরের চিকিৎসাকর্মীরা প্রাথমিক চিকিৎসা দেন। তাদের আঘাত গুরুতর নয়। অন্য যাত্রী ও ছয়জন ক্রু সুস্থ আছেন। দুর্ঘটনার তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতার আশ্বাস দিয়েছে বিমান সংস্থাটি।

বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে পাইলটদের কথোপকথনের একটি অডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে কোপা এয়ারলাইনসের পাইলটকে বলতে শোনা যায়, ‘কেউ আমাদের ধাক্কা দিয়েছে।’ জবাবে ইউপিএসের পাইলট জানান, তারা বেশি দূর এগিয়ে যাওয়ায় অন্য উড়োজাহাজটির ডানার সঙ্গে ধাক্কা লাগে।

এদিকে গত ৬ সেপ্টেম্বর একই বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো উড়োজাহাজ রানওয়ে অতিক্রম করে সীমানাপ্রাচীর ভেঙে দুটি গাড়িতে আঘাত হানে। ওই ঘটনায় পাঁচজন নিহত ও পাঁচজন আহত হন।

যুক্তরাষ্ট্রের বিমান চলাচলে সাম্প্রতিক অচলাবস্থার মধ্যেই এ দুর্ঘটনা ঘটল। শুক্রবার এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে দেশজুড়ে প্রায় পাঁচ ঘণ্টা বিমান চলাচল বন্ধ রাখতে হয়। এতে ২০ হাজারের বেশি ফ্লাইটে বিঘ্ন ঘটে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) প্রধান ব্রায়ান বেডফোর্ড জানিয়েছেন, রোববার দিনের শেষ নাগাদ বিমান সংস্থাগুলো স্বাভাবিক সূচিতে ফিরতে পারবে বলে আশা করা হচ্ছে।

বিষয়:আহত প্লেন সংঘর্ষ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) প্রধান ব্রায়ান বেডফোর্ড বোয়িং উড়োজাহাজ মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর মায়ামি বিমানবন্দর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…