ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি বা সিলভার জুবিলি উদ্যাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘দ্য স্টেজ: সিলভার জুবিলি কালচারাল কম্পিটিশন ২০২৬’ শেষ হয়েছে। গান, নাচ, আবৃত্তি, অভিনয় ও যন্ত্রসংগীতসহ ১১টি বিভাগে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেন। রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, শাস্ত্রীয় সংগীত, আধুনিক গান, লোকসংগীত, শাস্ত্রীয় নৃত্য, আধুনিক ও সমকালীন নৃত্য, আবৃত্তি, অভিনয়, যন্ত্রসংগীত এবং ব্যান্ড সংগীত এই ১১টি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
চারটি ধাপে অনুষ্ঠিত হয় ‘দ্য স্টেজ’। প্রথম পর্যায়ে অনলাইনে অডিশনের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে পরিবেশনা আহ্বান করা হয়। এতে অংশ নেন প্রায় ৩০০ শিক্ষার্থী। প্রাথমিক বাছাই শেষে ১৯৬ জন প্রতিযোগী থিয়েটার রাউন্ডে অংশ নেওয়ার সুযোগ পান। এ পর্বে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেলের সামনে নিজেদের প্রতিভা তুলে ধরেন প্রতিযোগীরা।
পরবর্তী সময়ে প্রায় ৯০ জন প্রতিযোগী সেমিফাইনালে উত্তীর্ণ হন। এ পর্বে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিচারকদের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের অভিজ্ঞ ব্যক্তিরা বিচারকের দায়িত্ব পালন করেন। সেখান থেকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হন ৩৩ জন প্রতিযোগী।
ফাইনালে প্রতিটি বিভাগের সেরা তিন প্রতিযোগী নিজেদের পরিবেশনা উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় ব্যান্ড মাইলসের হামিন আহমেদ। বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞ ব্যক্তিদের পাশাপাশি ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিচারকের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে বিচারকদের পক্ষ থেকেও ছিল বিশেষ পরিবেশনা।
প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অভিনয় বিভাগে চ্যাম্পিয়ন হন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তাহমিনা বিনতে জামান। আবৃত্তিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের জয়িতা মৈত্রি বিজয়ী হন।
শাস্ত্রীয় সংগীত ও নজরুলগীতি উভয় বিভাগে সেরা হয়েছেন ব্র্যাক বিজনেস স্কুলের আহমেদ আদনান খান। লোকসংগীতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অভিবাধন দাস অর্ণ এবং আধুনিক গানে একই স্কুলের সাফাওয়াত আলম বিজয়ী হয়েছেন।
এ ছাড়া রবীন্দ্রসংগীতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কৌশিক দেবনাথ জয়, শাস্ত্রীয় নৃত্যে বায়োটেকনোলজি বিভাগের পূর্ণতা প্রাচী এবং আধুনিক ও সমকালীন নৃত্যে ফার্মেসি বিভাগের রাহাতুল জান্নাত সেরা নির্বাচিত হয়েছেন।
ব্যান্ড সংগীত বিভাগে বিজয়ী হয়েছে হাইপেরিয়ন এবং যন্ত্রসংগীতে মাইক্রোবায়োলজি বিভাগের।






