ক্রিকেট

ফাইনালে শ্রীলঙ্কা, সূর্যবংশীর ভারতের বিদায়

রাইজিং স্টারস এশিয়া কাপ

ফাইনালে শ্রীলঙ্কা, সূর্যবংশীর ভারতের বিদায়

এশিয়া কাপ রাইজিং স্টারসের প্রথম সেমিফাইনালে ভারতকে উড়িয়ে ফাইনালের টিকিট কেটেছে শ্রীলঙ্কা। লাসিথ ক্রুসপুল্লে ও সিনেথ জয়াবর্ধনের জোড়া সেঞ্চুরিতে ভর করে তিলক ভার্মার দলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লঙ্কানরা।

কাতারের দোহায় টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারত। জবাবে ৫১ বল হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

ভারতের সর্বোচ্চ ৭৮ রান করেন ওপেনার অভিষেক শর্মা। ৬৩ বলের ইনিংসে ১১টি চার ও ১টি ছক্কা হাঁকান। শাহবাজ আহমেদ ৫৪ এবং অধিনায়ক তিলক ভার্মা ৫৩ রান করেন। ওপেনার বৈভব সূর্যবংশী ২৭ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন।

লঙ্কানদের নিপুন ধনঞ্জয়া, রাভিন্দু ফের্নান্দো ও জানিত লিয়ানাগে ২টি করে উইকেট নেন। গারুকা সংকেত ও লাহিরু সামারাকুন নেন একটি করে উইকেট।

৩১৮ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে লঙ্কানদের উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার লাসিথ ক্রুসপুল্লে ও সিনেথ জয়াবর্ধনে। উদ্বোধনী জুটিতে ১৭৪ রান তোলেন তারা। সর্বোচ্চ ১১৬ রানের ইনিংস খেলেন লাসিথ ক্রুসপুল্লে। ১০৭ বলের ইনিংস ১২টি চার ও ৩টি ছক্কায় সাজান। আরেক ওপেনার সিনেথ জয়াবর্ধনে ৭০ বলে ১০টি চার ও ৬টি ছক্কায় ১০৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

শেষদিকে নিশান মাদুশকা ৫৮ রানে এবং পবন রত্নায়েকে ৩১ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

ভারতের শাহবাজ আহমেদ ও হর্ষিত রানা একটি করে উইকেট নেন।

বিষয়:ভারত শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…