‘ভারতের বড় হওয়া উচিত’, পাকিস্তানি কনটেন্ট বিতর্কে মন্ত্রী আহসান ইকবাল

ভারতে পাকিস্তানি বিনোদনমূলক কনটেন্ট নিষিদ্ধের দাবির সমালোচনা করেছেন পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল চৌধুরী।
দেশটিতে পাকিস্তানি সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেত লো’ প্রচার বন্ধের দাবি এবং নাটক ‘দার-ই-নিজাত’ ঘিরে বিতর্কের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে ভারতের উদ্দেশে তার মন্তব্য, ‘ভারতের বড় হওয়া উচিত।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আহসান ইকবাল বলেন, ভারত প্রথমে খেলাধুলাকে, এরপর পানিকে এবং এখন শিল্প ও সংস্কৃতিকে রাজনৈতিক বিরোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। একটি ক্রিকেট ম্যাচকে রাজনৈতিক হুমকি কিংবা টেলিভিশন নাটককে জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে দেখার মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
পাকিস্তানের এই মন্ত্রী বলেন, খেলোয়াড়দের খেলতে দেওয়া উচিত, পানির প্রবাহ স্বাভাবিক রাখা উচিত এবং শিল্পীদের তাদের সৃষ্টিশীল কাজ চালিয়ে যেতে দেওয়া উচিত। দর্শকেরা নিজেরাই ঠিক করবেন তারা কী দেখবেন।
গত ২৪ নভেম্বর অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি দেয়। এতে নেটফ্লিক্সের পাকিস্তানি সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেট লো’ ভারতে প্রচার বন্ধের দাবি জানানো হয়।
সংগঠনটির সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত সিরিজটির ৪ ডিসেম্বরের নির্ধারিত মুক্তি আটকে দেওয়ার পাশাপাশি পাকিস্তানি সিনেমা, সিরিজ, গান ও পডকাস্টের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। তাদের বক্তব্য, জাতীয় নিরাপত্তা ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া উচিত।
‘জো বাচে হ্যায় সাং সামেট লো’ পাকিস্তানের জনপ্রিয় লেখক ফারহাত ইশতিয়াকের একই নামের উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত। সিরিজটিকে নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি অরিজিনাল সিরিজ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে তিন প্রজন্মের ছয়টি সম্পর্ক ও প্রেমের গল্প তুলে ধরা হয়েছে।
সিরিজটিতে অভিনয় করেছেন ফাওয়াদ খান, মাহিরা খান, হানিয়া আমির, সানাম সাঈদ, আহাদ রাজা মীর ও হামজা আলী আব্বাসি। মঙ্গলবার আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতে সিরিজটির ট্রেলার প্রকাশ করে নেটফ্লিক্স। আগামী ৪ ডিসেম্বর এটি মুক্তির কথা রয়েছে। তবে ভারতের দর্শকেরা সিরিজটি দেখতে পারবেন কি না, সে বিষয়ে এখনো কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।
অন্যদিকে পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ নিয়েও ভারতে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। উমেরা আহমেদের লেখা নাটকটি পরিচালনা করেছেন সাকিব খান। এআরওয়াই ডিজিটালে প্রচারিত নাটকটিতে অভিনয় করেছেন শেহরিয়ার মুনাওয়ার ও দুর-এ-ফিশান সেলিম। গত আগস্টে নাটকটির প্রচার শুরু হয়।
নাটকটি ভারতীয় দর্শকদের মধ্যেও জনপ্রিয়তা পেয়েছে। প্রতিবেদন অনুযায়ী, প্রথম ২৩ পর্ব ঘিরে দুর-এ-ফিশান সেলিমের সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট ও ভিডিও মিলিয়ে ১৭০ কোটি ভিউ হয়েছে।
নাটকটির জনপ্রিয়তাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন শহরে ভক্তদের জন্য বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। হায়দরাবাদে এমন একটি আয়োজনের পর দিল্লির প্রজেক্ট ওটেঙ্গায় ‘টেলস অব সিটি’র উদ্যোগে আয়োজিত প্রদর্শনী নিয়ে সমালোচনা শুরু হয়। এদিকে বেঙ্গালুরুতে ২৮ নভেম্বর ও ৫ ডিসেম্বরের জন্য নির্ধারিত দুটি প্রদর্শনীও প্রচারপত্র ও আমন্ত্রণপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে বাতিল করা হয়েছে।
পাকিস্তানি বিনোদনমূলক কনটেন্ট ঘিরে দুই দেশের মধ্যে নতুন করে এই বিতর্কের মধ্যেই আহসান ইকবাল চৌধুরী শিল্প ও সংস্কৃতিকে রাজনৈতিক বিরোধের বাইরে রাখার আহ্বান জানিয়েছেন। দ্য স্টেটসম্যান





