ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে বহিষ্কারের শঙ্কায় ম্যানচেস্টার সিটি

আর্থিক অনিয়মের অভিযোগে ম্যানচেস্টার সিটির আপিল শুনানির সম্ভাব্য সময়সূচি সামনে এসেছে। আর্সেনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের মাঝেই বড় দিনের আগে দ্রুত শুনানির ইঙ্গিত দিয়েছেন সাবেক আর্থিক উপদেষ্টা স্টেফান বোরসন। চলতি মৌসুমেই শাস্তি কার্যকর করতে দ্রুত নিষ্পত্তি চায় প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ, এমনটাই জানিয়েছেন তিনি।
ইংলিশ প্রিমিয়ার লিগের ১১৪টি আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে অক্টোবরে দোষী সাব্যস্ত হয় ম্যানচেস্টার সিটি। সেই মামলায় বড় দিনের আগেই ম্যানচেস্টার সিটিকে শুনানির মুখোমুখি হতে হচ্ছে। স্বাধীন কমিশনের রায় অনুযায়ী, ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে ৮৩০ মিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থ লুকাতে ভুয়া বাণিজ্যিক চুক্তি ব্যবহার করেছিল ক্লাবটি।
পাশাপাশি তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সুপরিকল্পিত প্রচেষ্টা চালিয়েছিল বলেও রায়ে বলা হয়েছে। যদিও ম্যানচেস্টার সিটি এই অভিযোগ অস্বীকার করে তাৎক্ষণিকভাবে আপিল করে। শুরুতে ধারণা করা হয়েছিল, এর চূড়ান্ত ফলাফল ২০২৭ সালের শুরুর দিকে আসতে পারে। তবে ক্লাবের সাবেক আর্থিক উপদেষ্টা স্টেফান বোরসন মনে করছেন, বিষয়টি অনেক আগেই পরিষ্কার হয়ে যাবে।
পিয়ার্স মরগান ও সাইমন জর্ডানের ‘ফুটবল আনসেন্সরড’ অনুষ্ঠানে কথা বলার সময় বোরসন সম্ভাব্য শুনানির সময়সূচি এবং দ্রুত সমাধানের জন্য প্রিমিয়ার লিগের প্রচেষ্টার বিষয়টি তুলে ধরেন।
বোরসন বলেন, ‘আমাদের জানানো হয়েছে যে এটি ডিসেম্বরের মাঝামাঝি সময়ে হবে। ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, সম্ভবত ১২ তারিখ থেকে শুনানি শুরু হতে পারে। এটি পাঁচ থেকে ১০ দিন পর্যন্ত চলতে পারে এবং বড়দিনের আগেই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা সিদ্ধান্তের অপেক্ষায় থাকব। সাধারণত, এ ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে বেশ কিছুটা সময় লাগার কথা।’
তিনি আরও বলেন, ‘আমার ধারণা, প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে চায়। তারা চায় যেন বড়দিনের আগেই রায় পাওয়া যায়, যাতে শাস্তির বিষয়ে শুনানি ও আপিল প্রক্রিয়া যা, যেকোন ক্ষেত্রেই অনিবার্য। চলতি মৌসুম শেষ হওয়ার আগেই সম্পন্ন করা যায়। এর ফলে তারা এই মৌসুমেই ম্যানচেস্টার সিটির ওপর কার্যকর নিষেধাজ্ঞা বা শাস্তি আরোপ করতে পারবে।’



