সাত বছরের আইনি লড়াই শেষে জেট এয়ারওয়েজের কর্মীদের পাওনা পরিশোধের নির্দেশ

দীর্ঘ সাত বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে বকেয়া পাওনা পেতে যাচ্ছেন ভারতের বন্ধ হয়ে যাওয়া বেসরকারি বিমান সংস্থা জেট এয়ারওয়েজের কর্মীরা। সংস্থাটির সব কর্মীর গ্র্যাচুইটি ও সুদসহ পাওনা আগামী দুই সপ্তাহের মধ্যে পরিশোধের অনুমোদন দিয়েছে ভারতের জাতীয় কোম্পানি আইন আপিল ট্রাইব্যুনাল (এনসিএলএটি)। সব মিলিয়ে কর্মীদের পাওনার পরিমাণ প্রায় ৪৮০ কোটি রুপি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের আইনি লড়াইয়ের পর ট্রাইব্যুনালের এই সিদ্ধান্ত জেট এয়ারওয়েজের সাবেক কর্মীদের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে। তবে এই বিষয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ আদেশের অনুলিপি এখনো প্রকাশিত হয়নি। নির্দেশনা অনুযায়ী, কর্মীদের গ্র্যাচুইটির অর্থ সরাসরি তাদের ব্যাংক হিসাবে জমা দিতে হবে। অন্যদিকে ভবিষ্য তহবিলের (পিএফ) অর্থ সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে কর্মীদের নির্ধারিত হিসাবে জমা দিতে হবে।
ভারতের প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানে টানা পাঁচ বছর চাকরি করলে কর্মীরা গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য হন। সর্বশেষ প্রাপ্ত বেতনের ভিত্তিতে এই অর্থ নির্ধারণ করা হয়। অন্যদিকে ভবিষ্য তহবিলে কর্মী ও নিয়োগকর্তা উভয়েই প্রতি মাসে মূল বেতনের ১২ শতাংশ করে জমা দেন। এই তহবিলের অর্থের ওপর করমুক্ত সুদও যুক্ত হয়। ২০১৯ সালের এপ্রিল মাসে আর্থিক সংকটের কারণে কার্যক্রম বন্ধ হয়ে যায় জেট এয়ারওয়েজের। এরপর থেকেই সংস্থাটির কর্মীদের বেতন, গ্র্যাচুইটি ও অন্যান্য পাওনা নিয়ে আইনি জটিলতা শুরু হয়।
এর আগে ২০২৪ সালের নভেম্বরে ভারতের সুপ্রিম কোর্ট জেট এয়ারওয়েজের সম্পদ অবসায়নের নির্দেশ দেন। ভারতীয় সংবিধানের ১৪২ অনুচ্ছেদে প্রদত্ত বিশেষ ক্ষমতা প্রয়োগ করে আদালত আগের ট্রাইব্যুনালের সিদ্ধান্ত বাতিল করেন। ওই সিদ্ধান্তে ঋণদাতাদের সম্পূর্ণ অর্থ পরিশোধ না করেই একটি বিনিয়োগকারী গোষ্ঠীর কাছে বিমান সংস্থাটির মালিকানা হস্তান্তরের পরিকল্পনা অনুমোদন করা হয়েছিল।
উল্লেখ্য, নরেশ গোয়েলের প্রতিষ্ঠিত জেট এয়ারওয়েজ ১৯৯৩ সালের মে মাসে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করে। শুরুতে চারটি ইজারা নেওয়া বোয়িং ৭৩৭-৩০০ উড়োজাহাজ নিয়ে যাত্রা শুরু করেছিল সংস্থাটি। ১৯৯৫ সালে নির্ধারিত ফ্লাইট পরিচালনার অনুমতি পায় তারা। এর মধ্য দিয়ে দীর্ঘ চার দশক ধরে ভারতের অভ্যন্তরীণ বিমান পরিবহন খাতে রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান এয়ারলাইন্সের একক আধিপত্যের অবসান ঘটে।






