অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ‘এ’ গ্রুপে ভারতের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে পাকিস্তান। ওপেনার শাহজাইব খানের ১৫৯ রানে ভর করে বড় সংগ্রহ করা পাকিস্তান ভারতকে খুব একটা সুবিধা করতে দেয়নি, তাতে দলটি জয় পেয়েছে ৪৩ রানে। ম্যাচসেরার পুরস্কারও জিতে নিয়েছেন এ ব্যাটার।
১৯ বর্ষী বাঁহাতি শাহজাইব এ দিন ভারতীয় বোলারদের তুলোধুনা করেছেন। ১৪৭ বলে প্রায় ১০৯ স্ট্রাইকরেটে খেলেছেন ১৫৯ রানের দুর্দান্ত ইনিংস। তার এ ইনিংসে চারের মার রয়েছে মাত্র পাঁচটি, তবে ছক্কা মেরেছেন তার দ্বিগুণ ১০টি। আউট হয়েছেন পেসার সমর্থ নাগরাজের বলে।
শাহজাইব খান পাকিস্তানের বয়সভিত্তিক দলের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন। ১০টি ছক্কা মেরে ছাড়িয়ে গেছেন কামরান গুলামের ৭ ছক্কার আগের রেকর্ড। এছাড়া তার ১৫৯ রানের ইনিংস পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ১৫০ রানের, শামিল হোসাইনের দখলে।
আরেক ওপেনার উসমান খান খেলেছেন ৬০ রানের ইনিংস। পাকিস্তানের পড়া সাত উইকেটের বাকি এক ব্যাটার ২৭ রান করলেও অন্য কেউ দুই অঙ্ক ছুঁয়ে দেখতে পারেননি। নির্ধারিত ৫০ ওভার খেলে ২৮১ রান তোলে পাকিস্তান।
ভারতের পেসার নাগরাজ নিয়েছেন ৩ উইকেট, আয়ুষ মাত্রে নিয়েছেন ২টি এবং বাকি দুই বোলার নিয়েছেন একটি করে উইকেট।
বড় লক্ষ্যের জবাবে ব্যাট করতে নেমে ২৩৮ রান তুলেছে ভারত। তাতে ৪৩ রানে হারতে হয়েছে দলটিকে। ভারতের পক্ষে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেছেন নিখিল কুমার। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেছেন লেগস্পিনার মোহাম্মদ ইনাম।
পাকিস্তানের আলী রেজা নিয়েছেন ৩টি উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন আব্দুল সুবহান এবং ফাহাম উল হক। প্রথম ম্যাচে হেরে টেবিলের তিনে আছে ভারত, দুইয়ে পাকিস্তান।







