বিনোদন

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমরের জীবনসঙ্গী সাংবাদিক নিধি

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমরের জীবনসঙ্গী সাংবাদিক নিধি

সাংবাদিক নিধি রাজদানকে (৪৯) বিয়ে করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ (৫৬)। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনেই নিজেদের বিয়ের খবর নিশ্চিত করেছেন।

ওমর আবদুল্লাহ এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে বিয়ের ছবি শেয়ার করে লেখেন, “গতকাল থেকে নতুন জার্নি শুরু হলো”। নিধি রাজদানকে ট্যাগ করে দেয়া পোস্টে বিয়ের বেশ কয়েকটি ছবিও যুক্ত করেন তিনি।

অন্যদিকে পাল্টা পোস্টে ওমর আবদুল্লাহকে ট্যাগ করে নিধি লেখেন, “ইটস ডান ব্রো”। পোস্টে তিনিও তাদের বিয়ের কয়েকটি ছবি যুক্ত করেন।

তাদের ঘনিষ্ঠসূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বিয়ের আনুষ্ঠানিকতার আগে শ্রীনগরে ছোট পরিসরে পারিবারিক গেট-টুগেদারের আয়োজন করা হয়। সেখানে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমর আবদুল্লাহর বাবা-মা, ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ ও মলি আবদুল্লাহ, তার তিন বোন এবং অন্যান্য ঘনিষ্ঠ আত্মীয়রা। নিধি রাজদানের বাবা-মা, প্রবীণ সাংবাদিক এমকে রাজদান ও সরলা রাজদানও উপস্থিত ছিলেন।

ওমর আবদুল্লাহর এটি দ্বিতীয় বিয়ে। এর আগে পায়েল আবদুল্লাহর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তাদের দুই ছেলে রয়েছে। দীর্ঘদিন ধরে চলা দাম্পত্য বিরোধের অবসান ঘটে চলতি বছরের জুলাইয়ে। ভারতের সুপ্রিম কোর্টে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয় তাদের।

প্রসঙ্গত, ৪৯ বছর বয়সী নিধি রাজদান ভারতের পরিচিত সাংবাদিক ও সংবাদ উপস্থাপকদের একজন। অন্যদিকে ওমর আবদুল্লাহ জম্মু-কাশ্মীরের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় এবং বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চলটির মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এনডিটিভি

বিষয়:ওমর আবদুল্লাহ জম্মু ও কাশ্মীর নিধি রাজদান ভারত মুখ্যমন্ত্রী সাংবাদিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…