আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার নেটওয়ার্ক অচল

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার নেটওয়ার্ক অচল

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)-এর অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ব্যবহৃত অত্যন্ত গোপনীয় নেটওয়ার্ক অচল হয়ে পড়েছে। তবে এ ঘটনায় সাইবার হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিষয়ে অবগত ছয় ব্যক্তি।

মঙ্গলবার ১৭ নভেম্বর সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

‘এনএসএ নেট’ নামের এই নেটওয়ার্কের মাধ্যমে সংস্থাটির কর্মীরা নিজেদের মধ্যে গোপনীয় তথ্য আদান-প্রদান করেন। সমস্যার কারণ ও এর ব্যাপ্তি নির্ধারণে কাজ করছে সংস্থাটি। এ পরিস্থিতিতে কর্মীদের পর্যায়ক্রমে অফিসে আসার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সূত্রগুলো। এ বিষয়ে এনএসএর কাছে মন্তব্য জানতে চেয়েছে সিএনএন।

তবে একজন বর্তমান ও একজন সাবেক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, নেটওয়ার্কটি অচল থাকলেও জরুরি গোয়েন্দা তথ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। বর্তমানে এশিয়া সফরে থাকা ট্রাম্পের সঙ্গে নিরাপদ যোগাযোগের জন্য সরকারের একাধিক বিকল্প ও ব্যাকআপ নেটওয়ার্ক রয়েছে।

ট্রাম্প বর্তমানে ফিলিপাইনে অবস্থান করছেন। আগামীকাল চীনে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থার এই নেটওয়ার্ক অচল হওয়ার ঘটনা দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রযুক্তি ব্যবস্থায় সাম্প্রতিক কয়েকটি বড় ধরনের বিভ্রাটের পর ঘটনা।

গত শুক্রবার প্রযুক্তিগত ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে কয়েক ঘণ্টা সব ফ্লাইট চলাচল বন্ধ ছিল। এতে হাজার হাজার ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়। দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, আরকানসাসের একটি রাউটারের ত্রুটি থেকে এ সমস্যা তৈরি হয়েছিল।

এ ছাড়া গত সপ্তাহে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বড় ধরনের বিভ্রাট দেখা দেয়। এতে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীরা আউটলুক ইমেইল ও টিমস মিটিং সেবা ব্যবহারে সমস্যায় পড়েন।

এনএসএ, এফএএ কিংবা মাইক্রোসফটের এসব বিভ্রাটের পেছনে সাইবার হামলার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে প্রযুক্তিগত ত্রুটি কীভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে বিঘ্ন ঘটাতে পারে এবং জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে, সাম্প্রতিক ঘটনাগুলো তার উদাহরণ হয়ে উঠেছে।

বিষয়:এনএসএ গোপনীয় নেটওয়ার্ক জাতীয় নিরাপত্তা সংস্থা সাইবার হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…