জাতীয় দলের সাথে নওশাদ মুসার প্রথম ‘ট্রফি’ বিশেষ কিছু

ভারতের কোচ নওশাদ মুসা যখন সাফ চ্যাম্পিয়নশিপে আসার জন্য দল গোছানো শুরু করেন তখন তার কাছে পর্যাপ্ত খেলোয়াড় ছিল না। কিন্তু শেষপর্যন্ত যেসব খেলোয়াড় পেয়েছিলেন তাদের নিয়েই সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন তিনি। এ শিরোপা তার কাছে বিশেষ কিছু। কারণ জাতীয় দলের সাথে এটিই তার প্রথম শিরোপা। সবমিলিয়ে এটি সাফে ভারতের দশম শিরোপা।
চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিকতা সেরে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসেন মুসা। সেখানে তিনি বলেন, ‘আমি জানি না, শুরুটা কোথা থেকে করব। আমরা যখন ভারত থেকে রওনা হয়েছিলাম, আমি আমার খেলোয়াড়দের শুধু একটি কথাই বলেছিলাম, নিজেদের ওপর বিশ্বাস রাখো। তাহলে কোনো কিছুই তোমাদের আটকাতে পারবে না। আর এখন যে অনুভূতি হচ্ছে, বলতে পারেন জাতীয় দলের সাথে এটি আমার প্রথম ট্রফি। তাই এটি সত্যিই বিশেষ কিছু।’
‘আমি অনেকটা বাধ্য হয়েই দল এনেছিলাম। কারণ ভারতে তখন যেভাবে সবকিছু চলছিল, তাতে আমার জন্য খেলোয়াড় নির্বাচন করা বেশ কঠিন ছিল। এমনকি প্রথম ম্যাচের জন্য সেরা ১৮ জন খেলোয়াড় পাওয়াও আমার জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। কারণ তখন পাঁচটি ম্যাচ চলছিল এবং দশটি দল সেখানে খেলছিল, আর কেবল ফিফা উইন্ডোতেই আমি খেলোয়াড়দের পেতে পারতাম।’
তরুণ খেলোয়াড়দের উপর ভরসা রাখার প্রসঙ্গে নওশাদ মুসা বলেন, ‘আমাকে আমার তরুণ খেলোয়াড়দের ওপরই ভরসা রাখতে হয়েছিল। কারণ তারা এই খেলার ধরন সম্পর্কে জানে। আমরা অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে খেলেছিলাম এবং সেখানে দারুণ পারফর্ম করেছিলাম। তাই আমরা কেমন ফুটবল খেলি, সে সম্পর্কে তাদের ধারণা ছিল। আমার মূল লক্ষ্যও ছিল সেটাই, কারণ প্রস্তুতির জন্য আমি মাত্র এক সপ্তাহ সময় পেয়েছিলাম। তাই তাদের ওপর বিশ্বাস রাখা এবং তাদের দিয়ে সেরাটা বের করে আনা আমার জন্য খুব জরুরি ছিল।’
আসরের সেরা খেলোয়াড় সুহাইল আহমেদ ভাটকে নিয়ে ভারতীয় কোচ বলেন, ‘আপনারা বিশ্বাস করবেন না, গত তিন বছরে, পুরো তিন বছরে এই প্রথম সে পুরো ৯০ মিনিট মাঠে খেলল! হ্যাঁ, এবং আপনি যদি প্রথম ম্যাচটি দেখেন, ৫০-৫৫ মিনিটের মাথায় সে ক্লান্ত হয়ে মাঠ ছেড়েছিল এবং বলেছিল, সে আর পারছে না।’
‘তাকে আমার একটিই বার্তা ছিল হাল ছেড়ো না, চেষ্টা চালিয়ে যাও। আর আজ দেখুন, টানা তিনটি ম্যাচে সে পুরো ৯০ মিনিট খেলছে। আসলে সবকিছুই নিজের ওপর বিশ্বাসের ব্যাপার। ছেলেদের প্রতি আমার বার্তা সবসময়ই এটি থাকে সবসময়। এমনকি সিনিয়র দলের ড্রেসিংরুমেও আমার একই কথা ছিল।’
সাফের সেমিফাইনালে দারুণ জয় তুলেছে ভারত। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করেন পাকিস্তানের আলমগীর খান গাজী। তবে দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে ভারতকে সমতায় ফেরান সর্বোচ্চ গোলদাতা সুহাইল ভাট। পরে ৮৭ মিনিটে জয়সূচক গোল করে শিরোপা জিতে নেয় ভারত।



