টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে যা বললেন মালদ্বীপ কোচ
সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মালদ্বীপ। হারের পর সংবাদ সম্মেলনে দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেন মালদ্বীপের কোচ ইস্তাভান আরবানি। অভিজ্ঞ খেলোয়াড়দের ভুল দলের পরাজয়ের প্রধান কারণ বলে জানান তিনি।
তিনি বলেছেন, ‘এই ম্যাচের জন্য আমাদের একটি কৌশল ছিল, যা মূলত এই ম্যাচটি কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায় তা খুঁজে বের করা। আমরা জানতাম যে প্রতিপক্ষ দলে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, তবে এর ফল কী হতে পারে তা আমরা নিশ্চিতভাবে জানতাম না। একটি বিষয় নিশ্চিত ছিল যে, এটি অন্যতম গতিশীল ও দ্রুত আক্রমণে ওঠা একটি দল। তাই প্রথমার্ধে প্রধানত বল নিজেদের দখলে না রেখেও খেলা নিয়ন্ত্রণে রাখাই ছিল আমাদের অন্যতম লক্ষ্য।’
হারের কারণ নিয়ে মালদ্বীপ কোচ বলেন, ‘প্রথমার্ধ দ্বিতীয়ার্ধের মতো ততটা কার্যকর না হওয়ার একটি কারণ হলো, আমরা আক্রমণভাগে তীব্র গতির দৌড়গুলো মিস করছিলাম। এই জায়গাটিতে আমাদের উন্নতি করতে হবে। কৌশলগত আরেকটি দিক ছিল-যদি ফলাফল ০-০ থাকে, তবে দ্বিতীয়ার্ধে আমরা কিছুটা চাপ বাড়ানোর চেষ্টা করব।’
তরুণদের প্রশংসা করতে গিয়ে কোচ জানান, ‘তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্সে আমি খুবই আনন্দিত। আমাদের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো, আমাদের খেলোয়াড়রা আন্তর্জাতিক মানের এই ধরনের উচ্চ গতির খেলা একটানা চালিয়ে যেতে পারেন না। এই টুর্নামেন্টেও শারীরিক সক্ষমতার দিক থেকে আমরা অনেকটাই পিছিয়ে রয়েছি। এই বিষয়গুলো থাকলে নির্দিষ্ট স্তরে প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন হয়ে পড়ে।’





