এত কিছুর পরও আইপিএল নিলামে মোস্তাফিজ, দল পাবেন তো?

আইপিএলের গত আসরে নিলাম থেকে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। টাইগার পেসারকে দলে নিলেও বিসিসিআইয়ের নির্দেশে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। এ নিয়ে পরে জল ঘোলা কম হয়নি। সেই ঘটনার রেশ গড়িয়েছিল বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্কেও। নিরাপত্তা শঙ্কায় ভারত থেকে টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নেয়নি টিম টাইগার্স।
সেই বিতর্ক পেছনে ফেলে আইপিএলের আগামী মৌসুমের মিনি নিলামের জন্য নিজের নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। শুধু মোস্তাফিজ নন, বাংলাদেশের আরও ৬ থেকে ৭ জন বাংলাদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত নিলামে নাম নিবন্ধনের সুযোগ থাকছে ক্রিকেটারদের।
আইপিএলে এখন পর্যন্ত পাঁচটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে নয়টি মৌসুম খেলেছেন এই পেসার। ২০১৬ সালে অভিষেক আসরেই জিতেছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। আইপিএলের ইতিহাসে এই স্বীকৃতি পাওয়া একমাত্র বিদেশি ক্রিকেটার মোস্তাফিজ। টুর্নামেন্টে ৬০ ম্যাচ খেলে ৬০ উইকেট নিয়েছেন তিনি।
আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। এই নিলামের মাধ্যমে নিজেদের স্কোয়াডের প্রয়োজনীয় জায়গাগুলো পূরণ করবে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে মেগা নিলামের মতো এবার পুরো দল নতুন করে সাজানোর সুযোগ থাকছে না। বরং খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার হিসাব-নিকাশ করেই নিলামে অংশ নিতে হবে দলগুলোকে।
আইপিএলের নিয়ম অনুযায়ী, প্রতিটি দলে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার রাখা যাবে। এর মধ্যে বিদেশি ক্রিকেটারের সংখ্যা সর্বোচ্চ আটজন। ২০২৭ মৌসুমের জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজির মোট বাজেট নির্ধারণ করা হয়েছে ১৫৭ কোটি রুপি। তবে নিলামের আগে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দলগুলোর হাতে থাকা অবশিষ্ট অর্থের পরিমাণ জানা যাবে না।





