ঠিকাদারের ‘উপহার’ নিয়ে মন্তব্যে টিআইবির সমালোচনা, ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত
সরকারি কাজে ঠিকাদারের কাছ থেকে ‘উপহার’ নেওয়াকে ঘুষ হিসেবে গণ্য করা যাবে না, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বক্তব্যটি প্রত্যাহার এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংস্থাটি।
তবে এ বক্তব্যের জন্য বুধবার (১১ নভেম্বর) সকালে গণমাধ্যমের সামনে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
গত সোমবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, কাজের মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধের পর ঠিকাদারের লাভের অংশ থেকে প্রকৌশলীকে দেওয়া ‘উপহার’ ঘুষ নয়। এমন উপহার গ্রহণ করা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রীর এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার এক বিবৃতি দেয় টিআইবি। এতে প্রশ্ন তোলা হয়, সরকারি দায়িত্ব পালনের বিনিময়ে উপহারের নামে ব্যক্তিগত সুবিধা নেওয়ার কথা বলে প্রতিমন্ত্রী কি পরোক্ষভাবে ঘুষ লেনদেনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন?
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, কাজের মান যাচাই, কাজ বুঝে নেওয়া এবং নিয়ম মেনে দ্রুত বিল পরিশোধ করা সরকারি প্রকৌশলীদের নিয়মিত দায়িত্ব। এসব দায়িত্ব পালনের জন্য তাঁরা জনগণের অর্থে বেতন-ভাতা পান। তাহলে দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে উপহারের নামে অবৈধ অর্থ নেওয়ার সুযোগ কোথায়?
তিনি আরও প্রশ্ন করেন, প্রতিমন্ত্রীর এ বক্তব্য কি ঘুষকে বৈধতা দিচ্ছে, নাকি পরোক্ষভাবে ঘুষ নিতে উৎসাহিত করছে?
ইফতেখারুজ্জামান বলেন, সরকারি ক্রয়ে অনিয়ম ঠেকানো যাদের দায়িত্ব, চাকরির শুরুতেই তাদের ঠিকাদারের কাছ থেকে বিধিবহির্ভূত উপার্জনের পরামর্শ দেওয়া চরম দায়িত্বহীনতা ও আইনের লঙ্ঘন। সরকারের একজন প্রতিমন্ত্রীর এমন বক্তব্য মাঠপর্যায়ে ঘুষের দাবিকে বৈধতা দেওয়ার পাশাপাশি দুর্নীতির বিস্তার ঘটাতে পারে।
বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, এ ধরনের লেনদেন কাজ তদারকি ও বিল প্রত্যয়নের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। এতে অন্য ঠিকাদারদের সঙ্গে অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে এবং ঠিকাদারদের সঙ্গে প্রকৌশলীদের যোগসাজশের মাধ্যমে দুর্নীতি আরও বাড়বে।
এ ছাড়া দণ্ডবিধির ১৬১ ও ১৬৫ ধারা, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা-১৯৭৯ এবং সরকারি ক্রয় বিধিমালা-২০২৫-এর প্রসঙ্গ টেনে টিআইবি জানায়, এসব বিধানের কোনোটিই দাপ্তরিক কাজের পুরস্কার হিসেবে ঠিকাদারের মুনাফা থেকে ব্যক্তিগত সুবিধা নেওয়ার অনুমতি দেয় না।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে একজন জ্যেষ্ঠ সচিবের পরামর্শের কথা উল্লেখ করেছেন। এ প্রসঙ্গে ইফতেখারুজ্জামান বলেন, প্রতিমন্ত্রীর বর্ণনা অনুযায়ী ওই জ্যেষ্ঠ সচিব এমন পরামর্শ দিয়ে থাকলে তার পেশাগত সততা ও পদে বহাল থাকার নৈতিক যোগ্যতা নিয়েও গুরুতর প্রশ্ন ওঠে। এ ক্ষেত্রে প্রতিমন্ত্রী ও জ্যেষ্ঠ সচিবের যোগসাজশে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণের চেষ্টা হচ্ছে কি না, সেই প্রশ্নের জবাব সরকারকে দেওয়ার আহ্বান জানান তিনি।
টিআইবির বিবৃতির পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টির স্পষ্টীকরণ বা ব্যাখ্যা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, সংবাদমাধ্যমে প্রতিমন্ত্রীর বক্তব্যকে উপহারের আড়ালে ঘুষকে বৈধতা দেওয়ার চেষ্টা হিসেবে উল্লেখ করা হয়েছে, যা অসত্য ও বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে, প্রতিমন্ত্রী তার আনুষ্ঠানিক বক্তব্যে এলজিইডির নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের সরকারি উন্নয়নকাজের মান বজায় রেখে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছিলেন।
এতে আরও বলা হয়, ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে থেকে কাজের গুণগত মান নিশ্চিত করে ঠিকাদারদের বিল পরিশোধের তাগিদ দিয়েছিলেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে সরকারি ব্যয় ও কেনাকাটার ক্ষেত্রে সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) ও সরকারি ক্রয় আইন (পিপিএ) কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছিল।
মন্ত্রণালয়ের দাবি, প্রতিমন্ত্রীর মূল বক্তব্য আড়াল করে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের সঙ্গে তার অনানুষ্ঠানিক আলাপের কিছু অংশ বিভিন্ন গণমাধ্যমে প্রচার করে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। তার বক্তব্যকে ঘুষ লেনদেনের বৈধতা দেওয়ার সঙ্গে তুলনা করা অনভিপ্রেত এবং সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের বিরুদ্ধে রাজনৈতিক অপপ্রচার।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়, দায়িত্বশীল পদে থেকে কোনো ধরনের অবৈধ সুবিধা গ্রহণের সুযোগ নেই।
এতে আরও জানানো হয়, বুধবার সকালে এলজিইডি ভবনে পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী ও প্রকৌশলীদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় গণমাধ্যমের সামনে সোমবারের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে তিনি তার ওই অনানুষ্ঠানিক বক্তব্য প্রত্যাহার করেছেন।
এর আগে টিআইবির বিবৃতিতে প্রতিমন্ত্রীর বক্তব্যের পেছনে একজন জ্যেষ্ঠ সচিবের পরামর্শ থাকার কথা উল্লেখ করে ওই সচিবের জবাবদিহি দাবি করা হয়। এ বিষয়ে প্রতিমন্ত্রী জানিয়েছেন, তাঁর অনানুষ্ঠানিক বক্তব্যের সঙ্গে সরকারের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা নেই।





