যানজটের কারণে অভিশংসন থেকে বাঁচলেন পিট হেগসেথ

ইরান যুদ্ধের ঘটনায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে কংগ্রেসে অভিশংসনের উদ্যোগ আটকে দিয়েছেন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা।
তাদের মধ্যে কয়েকজন ওয়াশিংটন ডিসির যানজটে আটকে পড়ায় সময়মতো প্রতিনিধি পরিষদে পৌঁছাতে পারেননি। এতে প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় আপাতত অভিশংসনের উদ্যোগ থেকে রক্ষা পেয়েছেন হেগসেথ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে মার্কিন প্রতিনিধি পরিষদে হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব নিয়ে ভোটাভুটি হয়। ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা এবং কংগ্রেসের অনুমোদন ছাড়া ক্যারিবীয় অঞ্চলে সন্দেহভাজন মাদকবাহী নৌযানে বোমা হামলার অভিযোগে তার বিরুদ্ধে এই উদ্যোগ নেওয়া হয়েছিল।
ভোটে ১৮ জন আইনপ্রণেতা অংশ নেননি। তাদের মধ্যে ১১ জন ডেমোক্র্যাট। ফলে প্রস্তাবটি পূর্ণাঙ্গ অধিবেশনে অভিশংসনের ভোটাভুটির জন্য না গিয়ে রিপাবলিকান নিয়ন্ত্রিত বিচার বিভাগীয় কমিটিতে ফেরত পাঠানো হয়। এতে আপাতত অভিশংসন প্রক্রিয়া থেমে গেছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদক অ্যান্ড্রু সোলেন্ডার জানান, অনুপস্থিত কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা ক্যাপিটল থেকে প্রায় দেড় মাইল দূরে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তারা তীব্র যানজটে আটকে পড়েন।
অনুপস্থিত আইনপ্রণেতাদের কয়েকজনের কার্যালয়ও যানজটের কথা জানিয়েছে। ওয়াশিংটনের প্রতিনিধি ম্যারিলিন স্ট্রিকল্যান্ডের চিফ অব স্টাফ জানান, একটি গাড়িবহরের পেছনে আটকে পড়েছিলেন তিনি। ভোট শেষ হওয়ার মাত্র এক মিনিট পর প্রতিনিধি পরিষদে পৌঁছান স্ট্রিকল্যান্ড।
ইলিনয়ের প্রতিনিধি জনাথন জ্যাকসন জানান, যানজট ও পুলিশের পাহারায় থাকা একটি বাসের কারণে তার আসতে দেরি হয়। নিউ মেক্সিকোর প্রতিনিধি মেলানি স্ট্যান্সবারিও একই কারণে ভোটে অংশ নিতে পারেননি বলে তার কার্যালয় জানিয়েছে।
এ ঘটনায় ডেমোক্র্যাটদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। দলের নেতা হাকিম জেফরিসও সমালোচনার মুখে পড়েছেন। তিনি আগে হেগসেথের অভিশংসনের পক্ষে নিজের দৃঢ় অবস্থানের কথা জানিয়েছিলেন। তবে ভোটের পর সাংবাদিকদের বলেন, এটাই শেষ নয়, বরং কেবল শুরু।
রাজনৈতিক বিশ্লেষক ক্রিস্টাল বল ঘটনাটিকে জেফরিসের বড় ব্যর্থতা বলে মন্তব্য করেছেন। সাংবাদিক মেহদি হাসানও ডেমোক্র্যাটদের নতুন স্পিকার বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
নিউইয়র্কের প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-করতেজও অনুপস্থিত আইনপ্রণেতাদের সমালোচনা করেছেন। সিএনএনকে তিনি বলেন, জনগণ তাদের দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করেছে। তাই সময়মতো কাজে উপস্থিত হওয়াও তাদের দায়িত্ব।
ভোটে অনুপস্থিত ১১ ডেমোক্র্যাট উপস্থিত থাকলে অভিশংসনের উদ্যোগ এগিয়ে নেওয়া সম্ভব হতো বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে আপাতত হেগসেথের বিরুদ্ধে প্রস্তাবটি বিচার বিভাগীয় কমিটিতেই আটকে থাকার আশঙ্কা রয়েছে।






