কক্সবাজার

উখিয়ায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, গুলিবর্ষণ, এলাকায় উত্তেজনা

উখিয়ায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, গুলিবর্ষণ, এলাকায় উত্তেজনা

ঘটনাস্থল পরিদর্শনে আইনশৃঙ্খলা বাহিনী

কক্সবাজারের উখিয়া বাজারে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের প্রকাশ্যে মহড়া এবং ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ১০-১২ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটলেও কেউ হতাহত হয়নি। এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া বটতলী স্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের দাবি, মিয়ানমার সীমান্তকেন্দ্রিক মাদক ও চোরাচালানের নিয়ন্ত্রণ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ছাত্রদল নেতা জয়নাল আবদীন জয় ও তার অনুসারীদের সঙ্গে স্থানীয় যুবদল নেতা আবুল ফয়েজের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জেরে বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে দুই পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে বটতলী স্টেশন এলাকায় জড়ো হন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হয় এবং গুলিবর্ষণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, এ সময় জয়নাল আবেদীন জয় পক্ষের কয়েকজনকে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা যায়। তাদের একজন মুন্নার প্রকাশ্যে গুলিবর্ষণের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ছাড়া মুন্নাসহ কয়েকজনকে ওয়ান শুটারগান ও দেশীয় বন্দুক হাতে স্টেশনে প্রকাশ্যে মহড়া দিতে দেখা গেছে। দুই পক্ষই গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে উখিয়া থানা-পুলিশের একটি দল এবং ৬৪ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে সাবেক ছাত্রদল নেতা জয়নাল আবেদীন জয় গুলিবর্ষণের ঘটনায় নিজের সংশ্লিষ্টতার বিষয়ে সরাসরি কোনো বক্তব্য দেননি। তিনি উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীর বাসভবনে বৈঠকে থাকার কথা জানিয়ে পরে বিষয়টি জানাবেন বলে জানান। যুবদল নেতা আবুল ফয়েজের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম মোক্তার আহমেদ বলেন, ‘পালংখালীর আঞ্জুমানপাড়া বটতলী স্টেশনে উপজেলা ছাত্রদলের সাবেক নেতা জয়নাল আবেদীন জয় ও ইউনিয়ন যুবদল নেতা আবুল ফয়েজের পক্ষের লোকজনের মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে শুনেছি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রকাশ্যে গুলিবর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিজিবির সদস্যরাও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জনবহুল একটি স্টেশনে প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও গুলিবর্ষণের ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, অস্ত্রধারীদের শনাক্ত এবং জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বিষয়:আঞ্জুমানপাড়া বটতলী স্টেশন উখিয়া উত্তেজনা গুলিবর্ষণ দুই গ্রুপের প্রকাশ্যে মহড়া প্রকাশ্যে অস্ত্রের মহড়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…